ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা সকাল সাড়ে ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মন্ত্রণালয়ে তার কক্ষে প্রবেশের পর ১০টার দিকে আলোচনা শুরু হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সচিব সি কিউ কে মুশতাক আহমেদও এই আলোচনায় উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরো আছেন দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও সংসদ সদস্য শাম্মি আখতার।
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
এরপর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও সাংগঠনিক সম্পাদকের সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে।
ইলিয়াস আলীর অন্তর্ধাণের জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল চলছে।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার রাতে ইলিয়াস আলীর বনানীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেছেন, সরকারের কোনো বাহিনী এর সঙ্গে জড়িত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১০৩ ঘ.
bdnews24