২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস নিখোঁজে সিলেটে বিক্ষোভ-সংঘর্ষ

এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার খবরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সিলেট বিভাগে বৃহস্পতিবার হরতালও ডাকা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

মনজুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার খবরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সিলেট বিভাগে বৃহস্পতিবার হরতালও ডাকা হয়েছে। হরতালের কারণে সিলেট বোর্ডে বৃহস্পতিবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে বের হওয়ার পর থেকে ইলিয়াস আলী ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতিও তিনি। তাকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতালও ডেকেছে বিএনপি। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবরে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের দুই কনস্টেবলসহ ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ২২ নেতাকর্মীকে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের ওই অংশে যান চলাচল ছিল বন্ধ। এরপর ঢাকা-সিলেট যান চলাচল শুরু হলেও মহাসড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে মহাসড়কের ওপর থেকে বিএনপি কর্মীদের সরাতে গেলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। “এ সময় পুলিশের একটি শটগান খোয়া যায়। বিএনপি কর্মীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ১০-১৫টি শেল ছোড়া হয়।” পরে রশীদপুর বাজার এলাকা থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানান, সংঘর্ষের পর ২২ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি। সিলেটে বিএনপির হরতাল জেলা বিএনপির এই সভাপতির সন্ধান দাবিতে বৃহস্পতিবার সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন দলের স্থানীয় নেতারা। চার জেলায় আলাদা আলাদা সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এইচএসসি পরীক্ষা স্থগিত এদিকে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বৃহস্পতিবার হরতাল ডাকায় ওই দিন সিলেট বোর্ডের উচ্চ মাধ্যমিক (এসইচএসসি) ও সমমানের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে এদিনের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২২০ ঘ.