চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম নগর বিএনপি।
তাকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিলটি এনায়েত বাজার মোড় ও কাজীর দেউরী এলাকা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে রাস্তা বন্ধ করে নেতাকর্মীরা সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের লোকজন ইলিয়াস আলীকে ধরে নিয়ে গেছে। তাকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া না হলে চট্টগ্রামসহ সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সরকারের পতনের সময় এসেছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম করে আন্দোলন ঠেকানো যাবে না। এখন আপনাদের গুম হবার সময় এসেছে।
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ওই গাড়ির চালক আনসারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24