ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলকে হটিয়ে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ‘১৮ দলীয় জোট’ গঠনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার বিকাল ৫টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া জোটের শরিকদের নাম ঘোষণা করে বলেন, “আমরা নিজ নিজ দল, জোট ও সমমনা রাজনৈতিক দল এবং আর্থসামাজিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক আলোচনার ভিত্তিতে সম্মিলিতভাবে সকল গণতন্ত্রকামী দেশবাসীর পক্ষে ঘোষণা দিচ্ছি যে, একের পর এক জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রঘাতী, সংবিধান বিরোধী, জনগণের ধর্ম বিশ্বাস বিরোধী, স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও মানবতাবিরোধী কর্মকাণ্ড, জনগণের ভোটাধিকার নস্যাতের ষড়যন্ত্র এবং সরকার পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ক্ষমতাসীন সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকার সকল বৈধতা হারিয়েছে।
“আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে চারদলীয় জোটের পাশাপাশি আন্দোলনরত সমমনা বিভিন্ন দল ও শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। সে দাবি পূরণেই চারদলীয় জোট স¤প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
এই জোটে বিএনপির শরিক হিসাবে রয়েছে চার দলের জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম। আর নতুন যোগ হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়। এর একযুগ পর গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে জোট স¤প্রসারণে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
তবে সেদিন জোটের নাম বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।
বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়া পৌঁছান বিকাল পৌনে ৫টায়।
ঘোষণাপত্রে তিনি এই জোট গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন এবং যতো দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ‘জনগণের স্বার্থরক্ষায় সক্ষম’ একটি সরকার গঠনের লক্ষ্যে জোটের কর্মকাণ্ডের রূপরেখা উপস্থাপন করেন।
বর্তমান সরকারের পদত্যাগ এবং ‘নির্দলীয় নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ জোটের বিভিন্ন দাবিও বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী, দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি, সীমান্তে হত্যা, পুঁজিবাজার পরিস্থিতি, সরকারের পররাষ্ট্রনীতি, নির্বাচনী পরিবেশ, বিরোধী দলের ওপর ‘দমননীতি’ এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করা হয় জোটের লিখিত ঘোষণাপত্রে।
এটি পড়তে খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা সময় নেন। আগামীতে ক্ষমতায় গেলে ১৮ দলীয় জোট কী কী করবে, তারও বিবরণ তিনি তুলে ধরেন।
সরকারকে হু্ঁিশয়ার করে বিরোধী দলীয় নেতা বলেন, “চক্রান্ত যতো কুটিল হোক, নির্যাতন যতো বর্বর হোক, জনজোয়ার কখনো স্তব্ধ হয় না। জনগণ আজ ঐক্যবদ্ধ। আমাদের অপ্রতিরোধ্য আন্দোলনের জয় হবেই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, “চার দলীয় জোটের মতোই ১৮ দলীয় জোট সংখ্যা এবং শক্তির দিক থেকে অনেক শক্তিশালী। আমরা বর্তমান সরকারের পতন ও এই লক্ষে আন্দোলনের জন্যই এইজোট হয়েছি।”
নতুন এই জোটের ৭টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। তাদের নিয়ে আন্দোলন কতোটুকু জোরদার হবে- এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সন বলেন, “আমাদের সঙ্গে জনগণ রয়েছে। অন্যদিকে সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির আন্দোলন এমনিতেই শক্তিশালী হবে। নতুন জোট গঠনের ফলে আন্দোলন আরও বেগবান হবে।”
সরকার ‘ভাড়া করে’, এমনকি ‘আইসক্রিম ও ললিপপ খাইয়েও’ নিজেদের কর্মসূচিতে লোক নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
মিলনায়তনে এই অনুষ্ঠানের মূল মঞ্চে খালেদা জিয়ার ডান পাশে বসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আর বাম পাশে ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক ও ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।
এরপর একই সারিতে পর্যায়ক্রমে গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক ইসলামী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, জাতীয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি।
এই অনুষ্ঠানে ১৮ দলীয় জোটের এই ঘোষণাপত্রে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা সই করেন।
ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনীর পক্ষে মহাসচিব আবদুল লতিফ নেজামী ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদ অসুস্থ থাকায় তার পক্ষে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি সই করেন। পিপলস লীগের সভাপতি খাজা গরীবে নেওয়াজ বিদেশে থাকায় তার পক্ষে ছিলেন মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন।
ঘোষণাপত্রে তারা বলেন, “আমরা সর্বস্তরের নারী-পুরুষকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণআন্দোলনে সক্রিয়ভাবে শামিল হওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।”
পাশাপাশি ‘বিজয় তরান্বিত করতে’ দেশজুড়ে সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও মহানগরে জোটের ‘সংগ্রাম কমিটি’ গড়ে তোলার আহ্বান জানানো হয় এই ঘোষণাপত্রে।
বিএনপি ও শরিক দলগুলোর অন্য শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৫২ ঘ.
bdnews24