২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্রজয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না’

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে যুব সংগ্রাম পরিষদের সংবর্ধনা নিয়ে বিরোধী দলের প্রতি এই আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে আইনি লড়াইয়ে জয়ে ধন্যবাদ দিয়ে তা পুনরায় ফিরিয়ে নেওয়ায় বিএনপির সমালোচনার করে এ নিয়ে ‘বিভ্রান্তি’ না ছড়াতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব সংগ্রাম পরিষদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে ‘কৃতিত্বের’ জন্য যুবলীগ নেতৃত্বাধীন এই জোট প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়। এতে আওয়ামী লীগের নেতারাও বক্তব্য রাখেন। সরকারকে ধন্যবাদ দিয়েও তা প্রত্যাহার করে নেওয়ায় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ধন্যবাদ দিয়ে তা ফিরিয়ে নিলেন, এখন নিক্তি দিয়ে আমাদের অর্জন মাপতে বসেছেন। নিজেরা তো জনগণের জন্য কিছু আনেন নাই। সমগ্র জাতি এখন উল্লসিত, এখন জাতিকে বিভ্রান্ত করা বন্ধ করেন।” গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল। শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে অধিকার নিশ্চিত কেবল আওয়ামী লীগই পারে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সমুদ্রসীমা নিয়ে আইনি দাবি প্রতিষ্ঠিত না করে সাগরে খনিজ অনুসন্ধানে ব্লক ভাগ করে দরপত্র ডাকাকে ‘ধোঁকাবাজি’ বলে আখ্যায়িত করেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তাদের কোনো নীতি নেই। উন্নয়নের পরিকল্পনা নেই। ক্ষমতায় থেকে এডহক বেসিসে কাজ করেছিল।” আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে ২০১৪ সালে সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে মামলার রায়ও বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সমুদ্রসীমা নির্ধারণ হওয়ায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের দ্বার উন্মেচিত হল দাবি করে শেখ হাসিনা বলেন, “আমরা ব্লক নির্দিষ্ট করব। সমুদ্রে তেল, গ্যাস ও জলজ সম্পদে আমরা আমাদের অধিকার নিশ্চিত করেছি, এখন তা আহরণে কেউ বাধা দিতে পারবে না।” সরকার দেশের উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংবিধানবিরোধী কেউ যেন ক্ষমতা দখল করতে না পারে। সংবিধান লঙ্ঘন করে কেউ যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। “আমরা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছি। জনগণ ভোট দিয়ে যাকে ক্ষমতায় আনবে, সেই জনগণের সেবা করার সুযোগ পাবে।” যুবলীগ, যুবমৈত্রী, যুব জোট, যুব মহিলা লীগ, যুব আন্দোলন, যুব সমিতি এবং জাতীয় যুব ঐক্য নিয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যুবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। আমরা যে কাজ করছি, তা যুব সমাজকেই এগিয়ে নিতে হবে।” প্রচণ্ড গরমে ব্যাপক আয়োজনের মধ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান হলেও তাতে দর্শকের উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম। স্টেডিয়ামের পূর্ব গ্যালারি ও মাঠ সাধারণের জন্য উন্মুক্ত ছিল, যেখানে বিকালে রোদ পড়ছিল সরাসরি। নিরাপত্তার জন্য পশ্চিম গ্যালারির একটি অংশ এবং ভিআইপি গ্যালারির দোতলা ও তিন তলায় কাউকে বসতে দেওয়া হয়নি। গ্যালারির যে অংশগুলো সবার জন্য উন্মুক্ত ছিল, সেখানে বিক্ষিপ্তভাবে কয়েকশ লোককে বসে থাকতে দেখা গেছে। মাঠের পেছনের অংশও ছিল ফাঁকা। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল এলেও মাঠে ঢোকার পর অনেককেই পূর্ব গ্যালারি দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। দুপুর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলেও যুব নেতা ও অতিথি নেতাদের বক্তব্য শেষে রোদের তীব্রতা কিছুটা কমে এলে বিকাল পৌনে ৬টায় শেখ হাসিনা বক্তব্য শুরু করেন। নীল পাড়ের সাদা শাড়ি পরিহিত প্রধানমন্ত্রী বিকাল সোয়া ৪টায় ভিভিআইপি গেইট দিয়ে স্টেডিয়ামে ঢুকে মঞ্চে উঠে আসার সঙ্গে সঙ্গে বেলুন, পায়রা ওড়ানো হয়। ‘সমুদ্রজয়ের’ ওপর একটি প্রামাণ্য চিত্রও স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে দেখানো হয়। অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারির সামনে অ্যাথলেটিক্স টার্ফের ওপর বিশাল মঞ্চ তৈরি করা হয়। দুই ধাপের এই মঞ্চের ওপরে ছিল বক্তৃতামঞ্চ, নিচের ধাপে বসে সঙ্গীত পরিবেশন করেন মমতাজসহ সঙ্গীত শিল্পীরা। মঞ্চের দু’দিকে ছিল সমুদ্রের জলরাশি এবং শেখ হাসিনার ছবি সংবলিত মাটি থেকে মঞ্চের ছাদ সমান উচ্চতার স্ক্রিন। মঞ্চের পেছনে ছিলো বিশাল স্ক্রিন। পুরো অনুষ্ঠানই ওই স্ক্রিনে দেখানো হয়। শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসার পর বিশেষ সঙ্গীত পরিবেশন করে সাবিনা ইয়াসমিন এবং এন্ডু কিশোর। বিশেষ সঙ্গীতের পর ‘সমুদ্রজয়ের’ জন্য শেখ হাসিনার উদ্দেশে মানপত্র পড়ে শোনান যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম। তারপর শেখ হাসিনার হাতে যুব সংগ্রাম পরিষদের নেতারা মানপত্রটি তুলে দেন। মানপত্র পাঠের আগে স্ক্রিনে বিভিন্ন সময়ে শেখ হাসিনার বিভিন্ন পদক এবং পুরস্কারপ্রাপ্তি নিয়ে এভি-২ নামের একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়। সংবর্ধনা দেওয়ার জন্য যুব সংগ্রাম পরিষদকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীসহ যারা আইনি লড়াইয়ে ভূমিকা রেখেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক। যুব মৈত্রীর কিশোর রায়, জাতীয় যুব জোটের রোকনুজ্জামান রোকন, যুব মহিলা লীগের নাজমা আক্তার, জাতীয় যুব ঐক্যের খায়রুল আলম এবং যুব আন্দোলনের মোশাহিদ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩০ ঘ.