২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের অনিয়মে ‘জিরো টলারেন্স’: কাদের

আগের মন্ত্রীর সহকারী ও কর্মকর্তাদের অর্থ কেলেঙ্কারিতে ব্যাপক সমালোচনার মুখে থাকা রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মন্ত্রীর সহকারী ও কর্মকর্তাদের অর্থ কেলেঙ্কারিতে ব্যাপক সমালোচনার মুখে থাকা রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, এই দায়িত্ব সাময়িক হলেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। কোনো অনিয়ম তিনি সহ্য করবেন না। সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিজের কাঁধে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে বুধবার রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয় সরকার। প্রজ্ঞাপণ জারির দুই ঘণ্টার মাথায় রেল ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগেই রেলভবনে মন্ত্রীর কক্ষে সুরঞ্জিতের নাম বদলে নতুন মন্ত্রীর নামে ফলক বসানো হয়। কাদের তার কক্ষে প্রবেশ করেন দেড়টার পরে। এ সময় কর্মকর্তারা তাদের নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। ১৫ মিনিট নিজের কক্ষে কাটিয়ে রেলভবনের সভাক্ষে সাংবাদিকদের সঙ্গে সঙ্গে কথা বলেন কাদের। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের পর কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, তার এ দায়িত্ব সাময়িক, তবে কাজ অত্যন্ত কঠিন। “দায়িত্ব সাত দিনের হলেও নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব, দায়সারাভাবে নয়।” আর এই ‘কঠিন’ কাজে কর্মকর্তাদের সহযোগিতার কামনা করেন রেল মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী। তিনি বলেন, “রাতারতি ম্যাজিকাল ট্রান্সফরমেশন করতে পারব না। রেলের অনিয়মকে নিয়মে, লোকসানকে লাভের ধারায় ফেরাতে হবে।” সব ধরনের অনিয়মে ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে বলে উল্লেখ করে কাদের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা নিয়ম মেনে কাজ করবেন। এসব ব্যাপারে আমি খুব কঠোর।” গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিলো। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা এবং জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। ঘটনার জের ধরে এরই মধ্যে জিএম ইউসুফ মৃধা ও কমান্ডেন্ট এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়াও। দুর্নীতি দমন কমিশন ও রেলের দুটি তদন্ত কমিটি ইতোমধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। রেলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেন, “নিয়োগের ব্যপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তবে আপনারা কোনো অনিয়ম করবেন না।” “বাঁচার জন্য একজন মানুষের কতো টাকা লাগে? রেলওয়েতে সুইপারের কাজ পাওয়ার জন্য ঘুষ দিতে হয় কেন”, প্রশ্ন রাখেন তিনি। কাদের তার জন্য কোনো সংবর্ধনা সভার আয়োজন করতে নিষেধ করেন। জানান, ব্যানার, গেইট, ফেস্টুন- এগুলো তার পছন্দ নয়। সুরঞ্জিত ও কাদের গত বছর ২৮ নভেম্বর একই সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এর আগে হাসিনার গত সরকারে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ছাত্রলীগের সাবেক এই সভাপতি ছাত্রত্ব শেষ হওয়ার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। দীর্ঘ দিন দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসএইচএ/কিউএইচ/জেকে/১৫৪০ ঘ.