ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের নামকরণ করা হয়েছে ‘১৭ দলীয় জোট’।
বুধবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
‘১৭ দলীয় জোটে’ বিএনপি ছাড়া অন্য শরিকরা হচ্ছে- জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।
১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়েছিল।
জোট নেতারা জানান, ঘোষণাপত্রে সব দলের শীর্ষ নেতাদের সই থাকবে। কেবল ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনী গৃহবন্দি থাকায় তার পক্ষে মহাসচিব আবদুল লতিফ নেজামী ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদ অসুস্থ থাকায় তার পক্ষে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির সই থাকবে।
মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে নতুন জোটের ঘোষণাপত্রে সই সংগ্রহের জন্য জোট নেতাদের বৈঠক হয়। জামায়াতে ইসলামী ছাড়া অন্য দলগুলোর নেতাদের সই সংগ্রহ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, নুরুল ইসলাম বুলবুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি জেবেল রহমান গণি, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি।
রাত ৯টা থেকে এক ঘণ্টার বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল জোটনেত্রী খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় জোটের ঘোষণাপত্র পৌঁছে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০১৫ ঘ.
bdnews24