ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগের ৩০ ঘণ্টার মাথায় দপ্তরবিহীন মন্ত্রী করার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিএনপি।
দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেছেন, “যেখানে রেলমন্ত্রীর পদত্যাগের পর কয়েকজন মন্ত্রী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘এই পদত্যাগে গণতন্ত্রের বিজয় হয়েছে’; সেখানে পদত্যাগী মন্ত্রীকে আবার মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া গণতন্ত্রের কোন নীতিমালায় পড়ে আমরা তা জানি না।
“আমরা এর নিন্দা জানাই,” বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর’ দায় নিয়ে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়ার ৩০ ঘণ্টার মাথায় মঙ্গলবার সরকারি এক ঘোষণায় সুরঞ্জিতকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়; সুরঞ্জিতকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার ঘোষণাও আসে একইসঙ্গে।
এরপর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিচ্ছিলেন প্রধান বিরোধী দল বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল।
তিনি বলেন, “এ নিয়োগের ফলে রেল মন্ত্রণালয়ের অর্থ কেলেঙ্কারী ঘটনার নিরপেক্ষ তদন্ত ব্যাহত হবে।”
গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালোদ জিয়ার কার্যালয়ে রাতে ১৭ দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “সরকার দুর্নীতিতে খেই হারিয়ে ফেলেছে। তারা গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে।”
‘পদত্যাগী মন্ত্রীকে আবার নিয়োগ দেওয়ার ঘটনা তারই প্রমাণ বহন করে’ মন্তব্য করে তিনি বলেন, “এভাবে দুর্নীতিকে তারা বৈধ করে নিতে চায়।”
গত ৯ এপ্রিল গভীর রাতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে ‘বিপুল পরিমাণ’ টাকা উদ্ধারের খবর প্রকাশের পর এ নিয়ে চাপে পড়েন মন্ত্রী। এ পরিস্থিতিতে ঘটনার সপ্তাহ খানেকের মাথায় সোমবার দুপুর ২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন সুরঞ্জিত।
এ ঘটনায় ওমর ফারুক বরখাস্ত এবং একই গাড়িতে থাকা বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা ও রেল পুলিশের ঢাকার কমান্ডেন্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটিও করেছে রেল মন্ত্রণালয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনও বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১৬ ঘ.
bdnews24