২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারই ইলিয়াসকে তুলে নিয়ে গেছে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগেও বিএনপি নেতারা এভাবে ‘গুম কিংবা নিখোঁজ’ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘সরকারের লোকেরাই তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল। বিএনপি নেতারা বলছেন, এর আগেও এভাবে ‘গুম কিংবা নিখোঁজ’ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে বনানীতে ইলিয়াস আলীর বাসায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মনে করি, সরকারের তরফ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছে। গুম কিংবা নিখোঁজ হওয়ার ঘটনা ইতিপূর্বেও অনেক হয়েছে। চৌধুরী আলম দীর্ঘদিন নিখোঁজ হয়ে আছেন।’’ ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থভাবে ফিরে না পেলে কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ফখরুল। রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ওই গাড়ির চালক আনসারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এই খবরে সকালেই বনানীর সিলেট হাউজে সাবেক সাংসদ ইলিয়াসের বাসায় ছুটে আসেন বিএনপির শীর্ষ নেতারা। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘‘আমরা ইলিয়াস আলীর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো খোঁজ পাইনি।” তিনি অভিযোগ করেন, “সরকার প্রতিপক্ষকে নির্মূল করার পরিকল্পনা নিয়েছে। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। নিখোঁজ ও গুম হওয়া ঘটনা অতীতেও হয়েছে। এসব ঘটনার জন্য সরকারই দায়ী।” “এভাবে ইলিয়াস আলীর মতো নেতারা যদি গুম কিংবা নিখোঁজ হয়ে যায়, তা হলে দেশে রাজনীতির মৃত্যু হবে। আমরা এর অবসান চাই”, যোগ করেন তিনি। ইলিয়াস আলীর এই ‘নিখোঁজ’ হওয়া দেশের মানুষ ‘মেনে নেবে না’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলা হবে। সরকার অবিলম্বে তার খোঁজ না দিলে এর দায় সরকারকেই বহন করতে হবে।” সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবরে বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকা অবরোধ করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছেন দলের স্থানীয় নেতারা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমরা এক বর্বর মধ্যযুগীয় রাষ্ট্রে বসবাস করছি। এখনো সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। সৌদি কূটনীতিকের খুনিদেরও ধরা হয়নি। প্রতিদিন অনেক মানুষকে গুম করা হচ্ছে।” অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহ সভাপতি শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ কে এম মোশাররফ হোসেন, গিয়াস কাদের চৌধুরী, এম এম শাহিন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য শাম্মী আখতার, নিলোফার চৌধুরী মনি, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরের সঙ্গে কথা বলেন। তারা তার দুই ছেলে ও এক মেয়েকে সান্ত্বনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১২৩০ ঘ.