২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনার প্রশাসন ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্মল সেন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে আর কত সময় অপেক্ষা করতে হবে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন প্রবীণ সাংবাদিক নির্মল সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

গোপালগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে আর কত সময় অপেক্ষা করতে হবে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন প্রবীণ সাংবাদিক নির্মল সেন। মঙ্গলবার গোপালগঞ্জের কোটালিপাড়ায় সাংবাদিকদের একটি অনুষ্ঠানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে বলেন, “আর কত ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে সাগর-রুনির খুনিদের খুঁজে বের করতে পারবেন। আপনি বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের বের করবেন। আপনি পারেননি। আপনার প্রশাসনও ব্যর্থ হয়েছে। এখন আপনি সাগর-রুনির ব্যাপারে কী জবাব দেবেন?” গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দুই মাসের বেশি সময় পার হলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন সাবেক এই সাংবাদিক নেতা ও বাম রাজনীতিবিদ নির্মল সেন। উপজেলা পরিষদ হল রুমে কোটালিপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বিগত কমিটির সভাপতি মোল্যা মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, পিনজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান হাজরা প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৮ ঘ.