ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্তরের প্রাদেশিক পরিষদে ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত তিনি, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত জীবনে প্রথমবার মন্ত্রিত্বের আয়ু পেলেন মাত্র পাঁচ মাস।
সহকারীর অর্থ কেলেঙ্কারি নিয়ে সমালোচনায় থাকা সুরঞ্জিত সোমবার রেল ভবনে ঢোকেন জাতীয় পতাকাসহ গাড়িতে চড়ে, কিন্তু বের হন পতাকাছাড়া গাড়িতে। এর মাঝের সময়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শেখ হাসিনার মন্ত্রিসভার তৃতীয় দফা স¤প্রসারণে গত ২৮ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য, যিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলে সংস্কারের দাবি তুলে কর্মীদের বিরাগভাজন হন।
গত নির্বাচনের পর শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করেন, তাতে ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত নেতা আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদের মতো সুরঞ্জিতেরও ঠাঁই হয়নি।
পরে দলের কেন্দ্রীয় কমিটি থেকেও বাদ পড়েন সুরঞ্জিতের মতো ‘সংস্কারপন্থী’ নেতারা, তাদের স্থান হয় ‘ক্ষমতাহীন’ উপদেষ্টা পরিষদে।
জরুরি অবস্থার সময় ভূমিকা নিয়ে দলে ‘কোনঠাসা’ হওয়ার প্রেক্ষাপটে গণমাধ্যমে সাবলীল এই বর্ষীয়ান এই রাজনীতিককে এটাও বলতে দেখা যায়, ‘বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না’।
সরকারের তিন বছর পেরিয়ে যাওয়ার পর ‘সংস্কারপন্থী’ নেতাদের মধ্য থেকে শুধু সুরঞ্জিতেরই মন্ত্রিসভায় স্থান হয়, পান নবগঠিত রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, “আমি শেষ ট্রেনের যাত্রী।”
মন্ত্রিসভায় স্থান পাওয়ার আগে সংবিধানের পঞ্চদশ সংবিধান সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্য। আর সরকারের কার্যক্রমের গতি নিয়ে সমালোচনাও করে আসছিলেন তিনি, শপথ নেওয়ার কয়েকদিন আগেও বলেন, সরকারে পুনর্মূল্যায়ন দরকার।
একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সুরঞ্জিত দেড় দশক আগে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগ পর্যন্ত পরিচিত ছিলেন ‘ছোট দলের বড় নেতা’ হিসেবে।
৫ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করার আগে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়রথের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ থেকে প্রাদেশিক পরিষদে সদস্য নির্বাচিত হন সুরঞ্জিত।
এরপর ১৯৯১ সাল পর্যন্ত কয়েকটি সংসদ নির্বাচনে ন্যাপ, একতা পার্টি, গণতন্ত্রী পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলেও ১৯৯৬ সালে বড় দল আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে হারের স্বাদ নিতে হয় তাকে।
আওয়ামী লীগে যোগ দেওয়ার পর সুরঞ্জিত বিভিন্ন সময়ে বলেন, “আগে ছিলাম ছোট দলের বড় নেতা, এখন হয়েছি বড় দলের ছোট নেতা”।
সুনামগঞ্জের দিরাইয়ে নিজের নির্বাচনী এলাকায় ১৯৯৬ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অবশ্য সংসদ সদস্য শরিফ উদ্দিন আহমেদের মৃত্যুতে হবিগঞ্জ-২ আসনে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন সুরঞ্জিত, অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান হিসেবে রাজনীতিবিদরা যাকে চেনেন।
শেখ হাসিনার গত সরকারের মন্ত্রী না হলেও মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। আর এবার পান আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব।
৬৭ বছর বয়সি সুরঞ্জিতের অর্ধশতকের রাজনৈতিক জীবনের শুরু সাম্যবাদী দর্শনে দীক্ষা নিয়ে ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন ১৯৬৫ সালে।
সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে সুরঞ্জিত পেশাজীবন শুরু করেন আইনজীবী হিসেবে। তবে রাজনীতিতে ন্যাপের হয়ে সক্রিয় থাকেন ১৯৪৫ সালে ৫ মে বর্তমান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সেন পরিবারে জন্ম নেওয়া এই ব্যক্তি।
দেশের প্রথম রেলমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রেল বিভাগেকে দুর্নীতিমুক্ত করার স্বঙ্কল্প জানিয়ে সুরঞ্জিত বলেছিলেন, রেলের ‘কালো বিড়ালটি’ খুঁজে বের করতে চাই।
দায়িত্ব নেওয়ার পর রেলপথ সংস্কার, রেলের আধুনিকায়ন, রেলের বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারসহ বেশকিছু বিষয়ে সাহসী পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তিনি। চালু হয় নতুন কয়েকটি ট্রেনও।
তবে এর মধ্যেই এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার পর চাপে পড়ে যান রাজনীতিতে প্রবীণ, তবে মন্ত্রিত্বে নবীন এই ব্যক্তি।
কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরপর নিজের সহকারীর বিপক্ষে বক্তব্য না দিলেও সমালোচনা চলতে থাকায় তাকে চাকরিচ্যুত করেন মন্ত্রী সুরঞ্জিত। পদত্যাগের সম্ভাবনা নাকচ করে এলেও রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই সংবাদ সম্মেলন করে পতাকাছাড়া গাড়িতে চড়ে রেল ভবন থেকে বের হতে হল তাকে।
বাকপটু হিসেবে খ্যাত সুরঞ্জিত দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম বড় ধরনের চাপে পড়ার কথা স্বীকার করে তিন দিন আগেই বলেছিলেন, “এতদিন তীর ছুড়ে এসেছি, এখন নিজেই তীরবিদ্ধ। তীরের যন্ত্রণা যে কী, তা বুঝতে পারছি। কী যাতনা বিষে বুঝিবে সে কীসে,,,,,।”
পদত্যাগের ঘোষণার সংবাদ সম্মেলনেও এপিএসের অর্থ কেলেঙ্কারিতে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করে যান সুরঞ্জিত, সেই সঙ্গে বলেন, এখানেই তার রাজনৈতিক জীবনের ইতি নয়।
“রাজনীতিতে এটা আমার যাত্রাবিরতি। আমি তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ফিরে আসব,” বলে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমআই/১৮০৬ ঘ.
bdnews24