ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান এবং বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আদেশ হয়েছে।
এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক সোমবার এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন রোববার মামলা তিনটি প্রথম আদালত থেকে দ্বিতীয় আদালতে স্থানান্তরের আবেদন করলে এ বিষয়ে শুনানি হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য গত ২৫ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এরপর এক ট্রাইব্যুনাল থেকে অন্যটিতে মামলা স্থানান্তরের জন্য আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে তা জারি করা হয়।
প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, সংযোজিত অ্যামেন্ডমেন্ট ২০০৯ এর ১১(ক) ধারা অনুযায়ী মামলা তিনটি ট্রাইব্যুনাল ১ এ যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই দুই নম্বর ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে।
এই তিন মামলার আসামিদের মধ্যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান কারাগারে রয়েছেন। জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২১৫ ঘ.
bdnews24