সাতক্ষীরা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের ইউনিয়ন জামায়াত সম্পাদক আব্দুল জলিলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।
শ্যামনগর থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের বেশকিছু নেতাকর্মী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মিলিত হয়েছে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ওয়াহেদুজ্জামান, জামায়াত নেতা মো. ইস্রাফিল কয়াল (২৮), মো. হাফিজুর রহমান (৩৫), মো. আবুল কালাম (৩৭), আব্দুল মান্নান (৩৫), আব্দুল আজিজ (৪০), মোফাজ্জল হোসেন (৩৬), রফিকুল ইসলাম (৪৫), মো. আব্দুল্লাহ (৪৪), আমিনুর রহমান (৩৯), সিদ্দিক গাজী (৪৮), লুৎফর রহমান (৩৮), আরাফাত হোসেন (৩০), বনি আমিন (৪৮), আবুল কালাম (৩০), আলমগীর হোসেন (৪৫), আব্দুল মোতালেব (৩৫) ও আবু বক্কর (৪৫)।
পুলিশের উপিস্থতি টের পেয়ে সেখানে উপস্থিত জামায়াতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, আমির আব্দুল বারীসহ কয়েকজন পালিয়ে যান বলেও ওসি জানান।
এ ব্যাপারে উপজেলা আমির আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতাকর্মীরা নিয়মিত সাংগঠনি মিটিং করছিলেন। বিনা অপরাধে তাদের গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.
bdnews24