ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর সহকারীর গাড়িচালক আলী আজম সংক্রান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এপিএসের গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনায় আলোচনায় উঠে আসা চালক আলী আজমের খোঁজ রেলমন্ত্রী জানেন বলে বৃহস্পতিবার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদনে বলা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার এক প্রতিবাদলিপিতে জানায়, ডিএমপি কমিশনার তার বক্তব্যে রেলমন্ত্রীর কথা উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, “রেল বিভাগ জানে”।
সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক শোরগোল চলছে।
চালক আলী আজম গাড়িটি বিজিবির সদর দপ্তরের ফটকে চালিয়ে দিলে এই ঘটনাটি প্রকাশ্য হয় বলে পত্রপত্রিকার খবর। ওই ঘটনার পর বুধবার থেকে গাড়িচালক আজমের কোনো খবর পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাইলে তিনি ওই উক্তি করেন। ডিএমপির প্রতিবাদলিপিতে বলা হয়, “কমিশনার বলেন, রেল বিভাগ বলতে পারবে, তিনি (আজ) কোথায় আছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০০৫ ঘ.
bdnews24