২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন বন্ধের ‘ফন্দি’ হচ্ছে: মওদুদ

তফসিল ঘোষণা হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ পর্যন্ত সরকার আটকে দেবে বলে মনে করছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণা হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ পর্যন্ত সরকার আটকে দেবে বলে মনে করছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার দাবি, নির্বাচন হলে বিএনপি জিতবে এবং তা আঁচ করতে পেরে নির্বাচন বানচালের ‘কলাকৌশল’ করছে ক্ষমতাসীন দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ তুললেও নির্বাচনে ‘বানচাল’ প্রক্রিয়ার কোনো নজির দেখাননি। মওদুদ বলেন, “ডিসিসির নির্বাচন একটি দলনিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি যাদের সমর্থন জানাবে, তারাই বিপুল ভোটে বিজয়ী হবে। সেজন্য এই নির্বাচন বানচাল করতে সরকার নানা ধরনের ফন্দি-ফিকির ও কলাকৌশল করছে।” মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের দিন ঠিক করে গত সোমবার তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনের প্রস্তুতি বিএনপির মতো আওয়ামী লীগে চললেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনকে উকিল নোটিস দিয়েছে। তার যুক্তি, নতুন দুই সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত ধারাগুলো বাস্তবায়ন না করেই তফসিল ঘোষণা হয়েছে। লেবার পার্টি আয়োজিত ‘মানবাধিকার ও ন্যায়বিচার : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় মওদুদ বলেন, বিএনপি ডিসিসি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানও বক্তব্য রাখেন। ‘মন্ত্রী থাকলে তদন্ত নিরপেক্ষ হবে না’ সহকারীর অর্থ কেলেঙ্কারির জন্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দাবি পুনরায় তুলে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সুষ্ঠু তদন্তের স্বার্থে সুরঞ্জিত বাবুর মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া উচিৎ।” রেলমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি মন্ত্রীর পদে থাকলে তদন্তের সুফল জনগণ দেখতে পারবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হবে না। নিজেকে নির্দোষ মনে করলে মন্ত্রী পদ ছেড়ে দিয়ে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দিন।” সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার পর তা নিয়ে সমালোচনায় রয়েছেন সুরঞ্জিত। এই ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৭১৫ ঘ.