২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর অধিকাংশ আবেদন খারিজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে করা আবেদনগুলোর বেশিরভাগই খারিজ করে দিয়েছে আর্ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে করা আবেদনগুলোর বেশিরভাগই খারিজ করে দিয়েছে আর্ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এ কে এম ফকরুল ইসলামের করা নয়টি আবেদনের মধ্যে একটি বাতিল ও পাঁচটি খারিজ করে ট্রাইব্যুনাল। একটি আবেদনের শুনানি রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। আবেদনগুলোর একটিতে বলা হয়, ১৯৭৩ সালের অ্যাক্ট এবং ট্রাইব্যুনালের গঠন করা কার্যবিধি ন্যায়বিচারের জন্য যথেষ্ট নয়। তাই কার্যবিধি নতুন বিধি সংযোজন করা দরকার। গত ৪ এপ্রিল একাত্তরে মানবতাবিরোধী ২৩টি অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সরবরাহ করা নির্দিষ্ট কিছু নথির পাঠযোগ্য অনুলিপি আসামিপক্ষকে দেওয়ার আবেদন আমলে নেয় আদালত। সেফহোমে তদন্ত কর্মকর্তাকে দেওয়া সালাউদ্দিনের জবানবন্দি চেয়ে আসামিপক্ষের করা আবেদন প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলে, এটা অপ্রয়োজনীয়। “সেখানে তিনি যা বলেছিলেন তা (আপনার মক্কেলের) বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না,” বলেন চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছরের ৪ অক্টোবর সংসদ সদস্য সাকা চৌধুরী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে মামলা হয় বলেও নূতন চন্দ্র সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। এছাড়া ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে। ২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য ওই বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/০০০৭ ঘ.