২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই সরকার ‘নাই নাই’ সরকার: এরশাদ

বিদ্যুৎ-পানি-গ্যাস সঙ্কটের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘নাই নাই সরকার’ নামে অভিহিত করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-পানি-গ্যাস সঙ্কটের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘নাই নাই সরকার’ নামে অভিহিত করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার বিকালে গেণ্ডারিয়ায় এক জনসভায় তিনি বলেন, “মানুষ ভালো নেই। পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। এই সরকারের নাম নাই নাই সরকার।” “এই সরকারের আরেকটি নাম আছে- তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধির সরকার। এই সরকারের আমলের মতো দ্রব্যমূল্য বৃদ্ধি অন্য কোনো সময় হয়নি,” বলেন তিনি। এরশাদ মহাজোটে থাকলেও আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার পর থেকে সরকারের সমালোচনামুখর তিনি। গরিব মানুষের জন্য সরকারের কোনো ভাবনা নেই দাবি করে এরশাদ বলেন, “তারা (আওয়ামী লীগ) ব্যস্ত কী করে ক্ষমতায় থাকা যায়, কী করে আবার ক্ষমতায় যাওয়া যায়। তারা গরিব মানুষের খোঁজ রাখে না।” “দেশের মানুষ বিএনপি-আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। তারা মারামারি-কাটাকাটি দেখতে চায় না,” বলেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায়ও সরকারের সমালোচনা করেন এরশাদ। জনসভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে কাজী ফিরোজ রশিদকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। মেয়র পদে ‘চোর-বাটপার’ কাউকে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। গেণ্ডারিয়ার পর ধলপুরে আরেক জনসভায় এরশাদ বলেন, “জাতীয় পার্টি ছাড়া উন্নয়নের কোনো বিকল্প নেই। মেয়র হিসাবে ফিরোজ রশিদের বিজয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টির জয়ের ধারা শুরু হবে।” এরপর শান্তিবাগ এরশাদ উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায়ও বক্তব্য দেন তিনি। জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেন, “আমাকে মেয়র নির্বাচিত করলে নগরভবনকে সন্ত্রাসীদের আস্তানা থেকে মুক্ত করব। নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না।” গেণ্ডারিয়ার জনসভায় বক্তব্য দেওয়ার আগে টিকাটুলিতে একটি পথসভায়ও ফিরোজ রশিদের পক্ষে ভোট চান এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১০৬ ঘ.