ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দাবি করেছেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানানোর পাশাপাশি ঘটনাটি তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।
সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক শোরগোল চলছে।
ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল।
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। সুতরাং রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে তিনি নিশ্চয়ই ওয়াকেফহাল। ৭৪ লাখ (মতান্তরে কোটি টাকারও বেশি) যে পরিস্থিতিতে ধরা পড়েছে, তাতে সন্দেহের তীর তার দিকেই।”
অর্থ পাওয়ার ওই ঘটনার তদন্তে রেল মন্ত্রণালয় দুটি কমিটি করলেও রেলমন্ত্রী বহাল থাকায় এতে ‘আস্থা’ রাখা যাচ্ছে না বলে বিকল্পধারা সভাপতির বক্তব্য।
তিনি বলেন, “রেলমন্ত্রী বিভাগীয় এক সদস্যবিশিষ্ট দুটি তদন্ত কমিটি গঠন করে জনমনে সন্দেহ আরো প্রগাঢ় করেছেন। তবে সুরঞ্জিত সেনের রাজনৈতিক আচরণের ওপর আস্থা রেখে আমি আশা করব, অতিদ্রুত তিনি পদত্যাগ করে বিভাগীয় তদন্ত কমিটিকে আরো বিশ্বাসযোগ্য করবেন।”
“অন্যথায় মন্ত্রীর পুরনো বক্তব্য-‘শুটকির নৌকায় বিড়াল চৌকিদার’ প্রবচনটি তার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না,” মন্তব্য বি চৌধুরীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫১ ঘ.
bdnews24