ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরিতে হাত দিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর কমিটির এক সভায় প্রার্থী হতে ইচ্ছুকদের তালিকা তৈরির সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে তার নামও আলোচনায় রয়েছে।
আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “ডিসিসি নির্বাচনের বিষয়ে দলের অবস্থান এখনো ঠিক হয়নি। চেয়ারপারসন সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আমরা সব কিছু তৈরি করে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
যারা ডিসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী তাদের নামের তালিকা মহানগর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে, বলেন তিনি।
আগামী ২৪ মে ভোটের দিন রেখে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল এরই মধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থী হতে হলে মনোনয়ন দাখিল করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে।
ডিসিসি উত্তরে মেয়র হতে আগ্রহী বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ বুধবার মনোনয়নপত্রও কিনেছেন।
ডিসিসি নির্বাচন নিয়ে নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। কমিটির যুগ্ম আহবায়ক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, এবং দলের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে ছিলেন।
আব্দুস সালাম বলেন, ডিসিসি নির্বাচনে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তবে দলের সমর্থন নিয়ে এই নির্বাচনে অংশ গ্রহণ নিতে পারবেন বিএনপির নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
ইভিএমে আপত্তি জানিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনকারী বিএনপি এখনো ঢাকার নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগেই সাংবাদিকদের বলেন, “সারপ্রাইজ আসছে, অপেক্ষা করুন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫৫ ঘ.
bdnews24