২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃট্রাইব্যুনাল মামলা স্থানান্তরে অধ্যাদেশ জারি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এক ট্রাইব্যুনাল থেকে আরেকটিতে মামলা স্থানান্তরের বিধান রেখে আন্তজার্তিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইনের অধ্যাদেশ জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এক ট্রাইব্যুনাল থেকে আরেকটিতে মামলা স্থানান্তরের বিধান রেখে আন্তজার্তিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইনের অধ্যাদেশ জারি হয়েছে। বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ অধ্যাদেশে সই করেন। এতে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১তম ধারার পর ‘১১-এ’ নামে একটি উপধারা সন্নিবেশিত হবে। এই উপধারায় বলা হয়েছে, “যথাযথ ও সুবিধাজনক বিবেচনায় যথার্থ ন্যায়বিচার প্রদান এবং মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা প্রধান প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করতে পারবেন।” মামলা নিষ্পত্তির যে পর্যায়ে স্থানান্তর হবে, সে পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম চলবে বলে উল্লেখ করা হয়েছে এতে। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাদেশটি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধিত) অধ্যাদেশ’ ২০১২ নামে অভিহিত হবে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জামায়াতে ইসলামী ও বিএনপির আট নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়। এর দুই বছরের মাথায় গত ২৫ মার্চ কার্যক্রম শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল। সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করতে দুই ট্রাইব্যুনালের মধ্যে মামলা স্থানান্তরেরও ব্যবস্থা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/জেকে/১৮৩০ ঘ.