ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরন শুরু হয়েছে দুই দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেলা ১১টা ২০ মিনিটে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম নেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “প্রথম দিনে ফরম সংগ্রহ করে ভালো লাগছে। নির্বাচন ঘিরে কিছু সন্ত্রাসী ইতোমধ্যে মাঠে নেমেছে। কমিশনকে এ দিকে নজর রাখতে হবে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, প্রার্থীরা ‘নিয়ম মেনেই’ মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। সব ‘ঠিকভাবেই’ চলছে।
নির্বাচন কমিশনের উপসচিব ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমান ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচনী কার্যালয়ে স্থাপিত ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে কাউন্সিলর পদের কয়েকজন প্রার্থী ফরম নিয়েছেন বলে জানিয়েছেন উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীর হোসেন।
ডিসিসির এই অংশের নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার মিহির সারোয়ার মোর্শেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হবে। প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে।
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্থাপনের পর কাজ শুরু হয়েছে মঙ্গলবার বিকালেই। বিভিন্ন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন চারটি পরিপত্রও জারি করছে।
রিটার্নিং কর্মকর্তারা জানান, ভোটার সংখ্যা অনুযায়ী দক্ষিণের প্রত্যেক মেয়র প্রার্থীকে জামানত হিসেবে ৫০ হাজার টাকা এবং উত্তরের মেয়র প্রার্থীকে ১ লাখ টাকা জমা দিতে হবে।
এবার প্রার্থীদের ভোটার তালিকার সিডি কেনা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে প্রতি ওয়ার্ডের সিডির জন্য প্রার্থীদের গুণতে হবে ৫০০ টাকা।
ঢাকা দক্ষিণের ৫৬টি ওয়ার্ডের জন্য মেয়র প্রার্থীদের সিডির দাম বাবদে দিতে হবে ২৮ হাজার টাকা। আর ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের জন্য প্রার্থীদোর ১৮ হাজার টাকা খরচ হবে সিডি কেনা বাবদে।
অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের তিনটি ওয়ার্ডের সিডি কিনতে হবে ১৫০০ টাকা দিয়ে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত ইসির এক নির্দেশনায় বলা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক সব পোস্টার, ব্যানার ও বিলবোর্ড বুধবার রাত ১২টার মধ্যে সরিয়ে নিতে হবে। মুছে ফেলতে হবে দেওয়াল লিখন।
ওই সময়ের পর কারো পোস্টার-বিলবোর্ড দেখা গেলে তাকেই এর দায় নিতে হবে। এই নির্দেশনা অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
নির্বাচন আইন লঙ্ঘনের দায়ে প্রার্থীতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২০০ ঘ.
bdnews24