২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যপরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন খালেদা

স্বাস্থ্যপরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর গেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যপরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর গেছেন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বিরোধীদলীয় নেতার পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষা হবে। আগামী ১৬ এপ্রিল খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন খালেদা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আলতাফ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অঙ্গসংগঠনের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকুসহ কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গত বছর সৌদি আরবের কিং ফয়সল হসপিটালে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যপরীক্ষা হয়। একই বিমানে খালেদা জিয়ার সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শামসুল আল-আমীন ডিউ সিঙ্গাপুরে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০১৪ ঘ.