২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পোড়ানো ঘরের টিন দেখল ট্রাইব্যুনাল

একাত্তরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের নমুনা হিসাবে পোড়া টিন ও ঘরের খুঁটি আদালতকে দেখালেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের নমুনা হিসাবে পোড়া টিন ও ঘরের খুঁটি আদালতকে দেখালেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এসব নমুনা উপস্থাপন করে তিনি। সকালে তার জবানবন্দি দেওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের প্রস্তুতির অভাবে তা দুপুর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। হেলালউদ্দিন আদালতকে জানান, ২০১০ সালের ১১ অগাস্ট পিরোজপুরের ইন্দুরকানি থানায় টেংরাখালী ইউনিয়নের চিথালিয়া গ্রামে তদন্তের সময় আলমগীর পসারি ও মানিক পসারির বাড়ি থেকে চারটি পোড়া টিন (করোগেটেড আয়রন শিট) উদ্ধার করেন তিনি, যেগুলো একাত্তরে ঘর পুড়িয়ে দেওয়ার আলামত। একই দিনে মানিক পসারির বাসা থেকে উদ্ধার করা হয় পুড়ে যাওয়া ঘরের খুঁটি। সাইদীর নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা একাত্তরে ওই দুই জনের বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এছাড়া একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। সংবাদপত্রে প্রকাশিত সাঈদীর বিভিন্ন অপরাধের বিবরণ এবং প্রামাণ্যচিত্রও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে মঙ্গলবারও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য চলবে। একই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করবেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক। এছাড়া জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে এদিন। এই ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এ সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৭৩৫ ঘ.