২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় ৬ আসামির জামিন

এ মামলায় নতুন করে সাক্ষ্য গ্রহণ শুরুর দিনে সাবেক তিন আইজিপিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি ছয় পুলিশ সাবেক কর্মকর্তাকে জামিন দিয়েছে আদালত। এরা হলেন- অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী; পুলিশের বিশেষ সুপার মো. রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান ও আব্দুর রশিদ। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে স্থাপিত এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন সোমবার তাদের জামিন মঞ্জুর করেন। বাদী পুলিশের সহকারী উপ পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদকে জেরার মধ্য দিয়ে এদিন নতুন করে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সকালে মামলার কার্যক্রম শুরুর পর সাবেক আইজিপি মো. আশরাফুল হুদার আইনজীবী টি এম আকবর বাদীকে জেরা করেন। এরপর কয়েকজন আসামির পক্ষে করা জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক বলেন, ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে হত্যা বা হত্যা ষড়যন্ত্রের অভিযোগ না থাকায় তাদের জামিন দেওয়া হলো। ওই ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন। আদালত বাদীর জেরার জন্য আগামী ১৫ এপ্রিল নতুন দিন রেখেছেন। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলার নতুন অভিযোগপত্রের ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ১৮ মার্চ তাদের বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ওইদিন ২৮ মার্চ দিন রাখেন বিচারক। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলায় ২২ আসামির বিরুদ্ধে বিচার শুরু হলেও বর্তমান আওয়ামী লীগ সরকার সরকার ক্ষমতায় যাওয়ার পর আদালতের আদেশে এই মামলার অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন তারেকসহ ৩০ জন। নতুন ৩০ আসামির মধ্যে আরো আছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ। জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান ও সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসানও এ মামলায় অভিযুক্ত হয়েছেন। নতুন আসামিদের মধ্যে আরো আছেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও রাতুল বাবু। আগের ২২ জন আসামির মধ্যে হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুও রয়েছেন। সব মিলিয়ে হত্যা মামলায় আসামির সংখ্যা দঁড়িয়েয়ে ৫২ জনে। আর বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা ৪১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৫০৮ ঘ.