২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নয়, নেতাদের খালেদা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। রোববার রাতে সভার সমাপনী বক্তব্যে এ ঘোষণার পাশাপাশি নেতাদের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে-শহরে জনমত গড়ে তোলারও আহবান জানান বিএনপিপ্রধান। রাত ১১টায় সভা শেষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, সোমবার বেলা ১২টায় দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাহী কমিটির সিদ্ধান্ত জানানো হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার পর থেকে তার বিরোধিতা করে আসছে বিএনপি। গত ৩০ জুন সংবিধানের ওই সংশোধনী পাশ হওয়ার পর থেকে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি পালন করছে তারা। সকাল ১১টার দিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সভা শুরু হয়। সভার উদ্বোধনী পর্বে শোকপ্রস্তাব গ্রহণ এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্যের পর নেতাদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন। মধ্যাহ্ন ভোজের জন্য এক ঘণ্টা এবং মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি ছাড়া টানা সাড়ে ১০ঘণ্টা নির্বাহী কমিটির বৈঠক চলে। রাত সাড়ে ৯টায় খালেদা জিয়া সমাপনী বক্তব্য শুরু করে টানা সোয়া ঘণ্টা বক্তব্য দেন। এর পর জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। এতে নির্বাহী কমিটির ৪৫ জন সদস্য বক্তব্য দেন। নেতারা তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থা, দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের আন্দোলনের কর্মকৌশল, সরকারের ব্যর্থতা ও করণীয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা দেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ওই পদে স্থায়ী করারও দাবি জানান কয়েক নেতা। সভায় লন্ডনে চিকিৎসা শেষে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনার দাবিও জানানো হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন যাওয়া তারেক এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে গঠিত ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির এটি ছিল তৃতীয় সভা। এর আগে ২০১০ সালের ৩১ জুলাই প্রথম এবং ২০১১ সালের ২৩ এপ্রিল দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল মঞ্চে ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২৩৪৫ ঘ.