রংপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে তার জীবনের শেষ নির্বাচন অভিহিত করে এইচ এম এরশাদ বলেছেন, তিনি শেষবারের মতো দেশের মানুষের সেবা করতে চান।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও রোববার রংপুরে এক জনসভায় দাবি করেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
তিনি বলেন, “বর্তমান সরকার মূল্যবৃদ্ধির সরকার। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।”
“মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে তারা মুক্তি চায়।”
শহরতলীর বড় রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত এ জনসভায় দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, “আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতায় এসে জনগণের জন্য কিছুই করতে পারেনি। তাই এবার তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আর ভোট দেবে না।”
“একমাত্র জাতীয় পার্টি পারে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে।”
এরশাদ জাতীয় পার্টি গঠন করেন ১৯৮৬ সালে। এর আগে ১৯৮২ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতা নেন সে সময়কার সেনাপ্রধান এরশাদ।
“এবার বোধ হয় আমার জীবনের শেষ নির্বাচন” মন্তব্য করে তিনি রোববারের জনসভায় বলেন, “আগামীতে হয়তো আর নির্বাচন করব না। তাই শেষবারের মতো দেশের মানুষের সেবা করতে চাই।”
আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনে প্রার্থী দেবে বলে পুনরুল্লেখ করেন দলের চেয়ারম্যান।
তিনি বলেন, “অনেকে বলে তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার মতো নেতা আমাদের নেই। তারা জানে না এবার প্রার্থী কে তা মানুষ দেখবে না। মার্কা লাঙ্গল হলেই ভোট দেবে।”
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর নানা ঘটনা প্রবাহে পরের বছরের ২৪ মার্চ সাত্তারকে সরিয়ে রাষ্ট্রপতি হন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১১৫ ঘ.
bdnews24