২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি

এই সভায় আন্দোলনের কর্মসূচি এবং দলকে গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের মতামত শুনবেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:09 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং দলকে গতিশীল করার পরামর্শ নিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকাল ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে গঠিত ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির এটি তৃতীয় সভা। এর আগে ২০১০ সালের ৩১ জুলাই প্রথম এবং ২০১১ সালের ২৩ এপ্রিল দ্বিতীয় সভা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সরকারকে সময় বেঁধে দেওয়ার পরই বিএনপির এই বৈঠক হচ্ছে। বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, ১০ জুনের মধ্যে সংবিধানে নির্দলীয় সরকার পদ্ধতি যোগ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। সভা শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থা, চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে সভায় নেতারা মতামত দেবেন।” নির্বাহী কমিটির এই সভাটি দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে শোকপ্রস্তাব গ্রহণ, ভারপ্রাপ্ত মহাসচিবের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া সূচনা বক্তব্য। এই উন্মুক্ত পর্বের পর দ্বিতীয় পর্বে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নির্বাহী কমিটির এই সভায় ৭৫টি সাংগঠনিক জেলার নেতারাসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। সভার মূল মঞ্চে খালেদার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও মির্জা ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০৫ ঘ.