সাতক্ষীরা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় হামলা ও অগ্নিসংযোগের মামলায় চার জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন গ্রামে শনিবার সকাল ও বিকালে এ অভিযান চালানো হয়।
এরা হলেন- কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামের মুনছুর আলী গাজী (৪৫), উত্তর শ্রীপুর গ্রামের আরিফ হোসেন (১৮), গণপতিপুর গ্রামের আজগার আলী ওরফে আবদার (৪০) এবং শীতলপুর গ্রামের হাফিজুর রহমান (৩৮)।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক লস্কর জায়াদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফতেপুরের ঘটনায় আরিফ ও মুনছুরকে সকালে, চাকদহার ঘটনায় আজগার আলীকে সকালে এবং হাফিজুর রহমানকে বিকালে আটক করা হয়।
বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
স্বাধীনতা দিবসের নাটকে সংলাপকে কেন্দ্র গত ৩১ মার্চ কালিগঞ্জের ফতেপুর ও চাকদহা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়।
এছাড়া রোববার রাতে কালীগঞ্জের সীমান্তবর্তী চাকদহা গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় জাতীয় পার্টি ও জামায়াত-শিবিরের ৯৫ জন নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে শুক্রবার কালীগঞ্জ থানায় চারটি মামলা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাপা নেতা জুলফিকার আলী, শিবির সদস্য মাসুম বিল্লাহ ও জামায়াতের মিজানুর রহমান।
মামলার বাদীরা হলেন নীলকণ্ঠপুর গ্রামের খলিলুর রহমান, ফতেপুর গ্রামের হাবিবুর রহমান, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী এবং উপ-পরিদর্শক লস্কর জাহিদুল ইসলাম।
কালিগঞ্জে নতুন ওসি
শনিবার দুপুরে কালিগঞ্জ থানায় নতুন ওসি দায়িত্বভার গ্রহণ করেছেন এ কে এম আলী নুর হোসেন। এর আগে তিনি খুলনার রুপসা থানায় ওসির (তদন্ত) দায়িত্বে ছিলেন।
আইনশৃংখলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান ও কালিগঞ্জ থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24