২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে রাজি খালেদা

কার অধীনে নির্বাচন- তা নিয়ে মতপার্থক্যের অবসানে সংলাপে নিজের আগ্রহের কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যানকে জানিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান সঙ্কটের অবসানে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক সংলাপে বসতে নিজের আগ্রহের কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যানকে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে হিলারি ক্লিনটনের পর দ্বিতীয় শীর্ষ এই কর্মকর্তা শুক্রবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেলে খালেদা তার অবস্থান তুলে ধরেন। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি শেরম্যান একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর সংলাপে জোর দিয়েছেন শেরম্যান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে শেরম্যানের সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠকের পর শমসের মবিন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক সংলাপের মধ্য দিয়ে সঙ্কট সমাধানের পথ খুঁজে বের করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, যাতে বাংলাদেশে আগামীতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।’ “জবাবে বিরোধীদলীয় নেতা তাকে (শেরম্যান) বলেছেন, বিএনপি অতীতেও সংলাপের জন্য প্রস্তুত ছিল। আগামীতেও এ বিষয়ে সংলাপের উদ্যোগ নেওয়া হলে তাতে সাড়া দেবে,” বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে প্রধান বিরোধী দল বিএনপির হুমকির কারণে দেশে রাজনৈতিক সঙ্কট দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান সংবিধান থেকে বিলুপ্ত করায় আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিরোধী দলের দাবি, তা সম্ভব নয়। শেরম্যান সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান- একটি জায়গায় বসুন এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেসব মডেল কার্যকর আছে সেগুলো নিয়ে আলোচনা করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি প্রক্রিয়া ও পদ্ধতি খুঁজে বের করুন।” তিনি আশা প্রকাশ করেছেন, জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের রাজনীতিকরা মতৈক্যে পৌঁছবেন। শমসের মবিন বলেন, “দেশের জনগণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ১৯৯১ সাল থেকে অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ বিষয়গুলো তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেছেন, আগামী নির্বাচনেও যেন জনগণের এই ইচ্ছার প্রতিফলন ঘটে।” তিনি জানান, বিএনপি যুক্তরাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলতে চায়, বৈঠকে তা ব্যাখ্যা করেছেন দলীয় চেয়ারপারসন। “তিনি (শেরম্যান) বিরোধীদলীয় নেতার মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩২৩ ঘ.