২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের একসঙ্গে বসার আহ্বান শেরম্যানের

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর সংলাপে জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যান। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর সংলাপে জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যান। ঢাকা সফররত শেরম্যান শুক্রবার সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান- একটি জায়গায় বসুন এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেসব মডেল কার্যকর আছে সেগুলো নিয়ে আলোচনা করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি প্রক্রিয়া ও পদ্ধতি খুঁজে বের করুন।” যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে হিলারি ক্লিনটনের পর দ্বিতীয় শীর্ষ এই কর্মকর্তা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন। দুদিনের সফরের প্রথম দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শেরম্যান, যিনি এই প্রথম বাংলাদেশ সফরে এলেন। রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি শেরম্যান আশা প্রকাশ করেছেন, জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের রাজনীতিকরা মতৈক্যে পৌঁছবেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে প্রধান বিরোধী দল বিএনপির হুমকির কারণে দেশে রাজনৈতিক সঙ্কট দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনকালীন অর্র্ন্তবতী সরকারের বিধান সংবিধান থেকে বিলুপ্ত করায় আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিরোধী দলের দাবি, তা সম্ভব নয়। শেরম্যান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণ যা চাইবে নেতারা তাই করবেন বলে আশা করছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়িতে তার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। তার সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। এক ঘণ্টার বৈঠকের পর শেরম্যান সাংবাদিকদের বলেন, সবার অংশগ্রহণে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আলোচনার আনুষ্ঠানিকও হতে পারে, অনানুষ্ঠানিকও হতে পারে। “কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, তা এদেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজ ‘ভালো’ বলতে পারবে,” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে শেরম্যান বলেন, প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ। গণতন্ত্রকে সুসংহত ও টেকসই করতে কাজ করে যাচ্ছে। এখানে সুশীল সমাজও সোচ্চার রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। সাবেক কূটনীতিক শমসের মবিন সাংবাদিকদের বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলতে চায়, বৈঠকে তা ব্যাখ্যা করেছেন দলীয় চেয়ারপারসন। “শেরম্যান বিরোধীদলীয় নেতার মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন”, বলেন তিনি। শমসের বলেন, “শেরম্যান আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফর্মাল ও ইনফর্মাল ডায়ালগের মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে বের করবে, যাতে বাংলাদেশে আগামীতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।” বিরোধীদলীয় নেতা শেরম্যানকে বলেছেন, বিএনপি অতীতেও সংলাপের জন্য প্রস্তুত ছিল। আগামীতেও সংলাপের উদ্যোগ নেওয়া হলে, তাতেও সাড়া দেবে। শমসের মবিন বলেন, “দেশের জনগণ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ১৯৯১ সাল থেকে অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, এ বিষয়গুলো শেরম্যানের কাছে তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেছেন, আগামী নির্বাচনেও যেন জনগণের এই ইচ্ছার প্রতিফলন ঘটে।” এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনির সঙ্গে বৈঠকে নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। শেরম্যান বলেন, সন্ত্রাসবাদের প্রতি কোনো ছাড় দেওয়ায় বাংলাদেশ অভিনন্দিত হবে। “আমি জানি এটা কঠিন কাজ। কিন্তু এই কঠিন ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে,” বলেন তিনি। নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে জানান শেরম্যান। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু শাপিরো ১৯ এপ্রিল ঢাকা আসবেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে নিরাপত্তা সংলাপে বসবেন।” এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তবে এর অগ্রগতি অনেক বেশি। “আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে, গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়ায় একটি শক্তিশালী বাজার অর্থনীতিতে রূপ নেবে, যার তার অংশীদার হতে খুবই আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার।” শেরম্যান জানান, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনায় একশ’ কোটি ডলার সহায়তা দেবে। এই সফরে মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করেন শেরম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএসজেড/এএইচ/এমআই/২১২০ ঘ.