২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ধ্বংস করতে নতুন ব্যাংক: মির্জা ফখরুল

দেশের অর্থনীতি ধ্বংস করতে সরকার বেসরকারি খাতে নতুন ব্যাংক চালুর অনুমতি দিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি ধ্বংস করতে সরকার বেসরকারি খাতে নতুন ব্যাংক চালুর অনুমতি দিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। ব্যাংকগুলোতে তারল্য সংকট চলছে উল্লেখ করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখন তারা (সরকার) লুটপাটের নতুন যন্ত্র আবিষ্কার করেছে। আবার নতুন করে ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। “ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্যদ তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন দিয়েছে। রোববার আরো ব্যাংকের অনুমোদন দেবে।” বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্যদ নতুন তিনটি এনআরবি (অনাবাসী বাংলাদেশি) ব্যাংক অনুমোদন দেয়। এরপর বিকালে এক সমাবেশে ‘অর্থনীতি ধ্বংসের’ এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে সরকারদলীয় ‘লোকজন’কে ওই সব নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আরো বেসরকারি ব্যাংক অনুমোদন বিষয়ে রোববার পরিচালনা পর্যদ আবার বৈঠকে বসবে। এক্ষেত্রে প্রস্তাব রয়েছে ছয়টি নতুন ব্যাংক প্রতিষ্ঠার। ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্র দল। নতুন ব্যাংক মির্জা ফখরুল বলেন, “নতুন ব্যাংকের সঙ্গে কারা জড়িত। কারা নতুন ব্যাংক অনুমোদন পেয়েছেন, পাচ্ছেন; পত্র-পত্রিকায় ইতিমধ্যে সেই নামের তালিকা প্রকাশ হয়ে গেছে। “আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও তাদের আত্মীয়-স্বজনরা ওইসব নতুন ব্যাংকের সঙ্গে জড়িত।” গত দেড় বছরে ৯ হাজার পোলট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, “সরকারের ভ্রান্ত নীতির কারণে আমাদের ঔষধ ও বস্ত্র শিল্প ধ্বংস হয়ে গেছে।” নতুন অনুমোদিত তিনটি এনআরবি ব্যাংকের প্রস্তাবক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাসত আলী ও নিজাম চৌধুরী। ব্যাংক তিনটির নাম হলো- এনআরবি লিমিটেড (উদ্যোক্তা নিজাম চৌধুরী), এনআরবি কমার্স ব্যাংক (উদ্যোক্তা ফরাসত আলী) ও এনআরবি লিমিটেড (উদ্যোক্তা ইকবাল আহমেদ)। ‘আওয়ামী লীগ লুটপাট সমিতি খুলেছে’ মির্জা ফখরুল বিদ্যুৎখাতে সরকারের ‘দুর্নীতি’ তুলে ধরে বলেন, “সরকার ক্ষমতায় আসার পর চার বার বিদু্যুতের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দামও একভাবে বাড়িয়েছে। “এভাবে দফায় দফায় দাম বাড়িয়ে অর্থ লুটপাট করে তারা ‘লুটপাট’ সমিতি খুলেছে।” ১৯৭২-৭৫ সালের মতো বর্তমান সরকারের শাসনামলের মতোই ব্যাপক দুর্নীতি ও অপশাসন চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না। তারা ’৭৪ সালে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। “এবার ভিন্ন কায়দায় তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার কাজ করছে। সংবিধানকে তছনছ করে তারা বাক স্বাধীনতা ও জনগণের অধিকার খর্ব করেছে।” তারেক রহমানের বিরুদ্ধে ২১ অগাস্টের সম্পূরক অভিযোগপত্রকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেন মির্জা ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১৩ ঘ.