২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ধর্মঘট স্থগিত করেছে ছাত্রশিবির

ছাত্রশিবির নেতারা বলেছেন, তাদের পাঁচটি দাবির একটি প্রশাসন মেনে নিয়েছে এবং বাকিগুলোও মানার আশ্বাস দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রশিবির ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়ায় ৫৬ দিন পর পুরোপুরি সচল হতে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠনটির নেতারা বুধবার ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। দুই শিবির নেতা-কর্মী নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় গত ১৮ মার্চ খুললেও ধর্মঘটের কারণে ক্যাম্পাস পুরোপুরি সচল হচ্ছিল না। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলগুলোতে বৈধ ছাত্রদের ওঠানোর দাবিটি প্রশাসন বাস্তবায়ন করেছে। অন্য দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তাই আমরা কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি।” শিবিরের অন্য দাবিগুলো হচ্ছে- হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, শিবিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাসে পুলিশি হয়রানি বন্ধ করা। ধর্মঘটের কারণে ক্যাম্পাসে অচলাবস্থা না কাটায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবির নেতাদের সঙ্গে বৈঠক করে। এর পরদিনই ধর্মঘট স্থগিতের ঘোষণা এল। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে শিবিরের দুই নেতা-কর্মী নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় টানা ৩৮ দিন বন্ধ থাকে। এরপর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও শিবির অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। ধর্মঘটের সমর্থনে সোমবার শিবির নেতা-কর্মীরা শাটল ট্রেনের চালককে অপহরণ এবং শিক্ষকদের বাসের চাকা কেটে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.