পাবনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমীর ও পাবনা সদর আসনের সাবেক সাংসদ মাওলানা আব্দুস সুবহানসহ ৩১ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস সোমবার রাতে সদর থানার এ মামলা দায়ের করেন।
সদর থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন জানান, ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহমত আলী শেখ ও তার ভাই সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ শেখকেও মামলায় আসামি করা হয়েছে।
রহমত আলী ও আব্দুর রউফ স্থানীয় বিএনপি নেতা বলে জানান ওসি।
মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ৩০ অগাস্ট মাওলানা আব্দুস সুবহান, রহমত আলী শেখ ও আব্দুর রউফের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী চকদারপাড়া গ্রামে বাদীর বাড়িসহ খাপড়াডাঙ্গি, দাসপাড়া ও গোয়ালবাড়ি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মারপিট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
বাদী এজাহারে বলেছেন, রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তার কারণে এতোদিন তিনি মামলা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি ‘অনকূলে’ থাকায় ৩১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করছেন।
ওসি এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি গ্রহণ করে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।”
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪১৫ ঘ.
bdnews24