২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে অটিস্টিকদের বিশেষ সুযোগ দিন: প্রধানমন্ত্রী

কর্মক্ষেত্রে অটিস্টিক ও প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ দিয়ে তাদের মেধা কাজে লাগানের জন্য দেশের বেসরকারি ও কর্পোরেট খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মক্ষেত্রে অটিস্টিক ও প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ দিয়ে তাদের মেধা কাজে লাগানের জন্য দেশের বেসরকারি ও কর্পোরেট খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি আহ্বান জানাব, অনুরোধ করব- আপনারা তাদের বিশেষ সুযোগ দেবেন। তাদের প্রতিভাকে কাজে লাগাবেন।” অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে তিনি আহ্বান জানান- “আজ যাদের জন্য এ আয়োজন, তারা আমাদেরই আপনজন। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাদের দেখি। তাদের প্রতিভা বিকাশে সাহায্য করি। দেখবেন তারাও সমাজ এবং দেশকে এগিয়ে নেবে।” শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নিতে বা নিজেকে প্রকাশ করতে পারে না। এখনো এ রোগের প্রত্যক্ষ কোনো চিকিৎসা আবিস্কৃত হয়নি উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এ সমস্যার সমাধানে ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সকলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সবার মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই ২০০৮ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।” প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষায় এবং তাদের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া কার্যক্রমগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমানে ৫৫টি বেসরকারী প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা সরকার বহন করছে। ঢাকায় অবৈতনিক অটিস্টিক স্কুল চালু করা হয়েছে। বিসিএসসহ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এতিম ও প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মিলনায়তনে প্রবেশ করেই হুইল চেয়ারে বসা প্রতিবন্ধীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশ-বিদেশের সব অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার, পরিচর্যাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোকে ধন্যবাদ জানান। এছাড়া স্পেশাল অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে সাফল্যের জন্য দেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অভিনন্দন জানান। তিনি বলেন, “আমরা যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি তা বিনির্মাণে আপনাদের মেধাকে কাজে লাগাতে চাই। আপনাদের আছে অসীম প্রতিভা। বিশ্বে এর বহু উদাহরণ আছে।” প্রতিবন্ধীদেরও উন্নয়নের মূল ¯্রােতে আনতে সরকার একটি জরিপ করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গত বছর ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দেশের অটিজম আন্দোলনে নুতন মাত্রা এনে দিয়েছে। “আমার কন্যা সায়মা হোসেন অটিজমের ওপর গবেষণা করেছে। বিভিন্ন দেশে অটিজম সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। দেশে অটিজম আক্রান্ত জনগণের কল্যাণে কাজ করছে”, বলেন প্রধানমন্ত্রী। অটিস্টিক ও প্রতিবন্ধীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, “আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এ দেশে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য একযোগে কাজ করি। সকলে মিলে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরি।” বিভিন্ন সমীক্ষায় দেখা যায়, পৃথিবীতে প্রতি হাজারে এক থেকে আট জন শিশু অটিজমে ভুগছে। ২০০৫ সালে যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপে দেখা যায়, সে দেশে অটিজমের হার শূন্য দশমিক ৯ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা বিভাগেই শূন্য দশমিক ৮৪ শতাংশ শিশু অটিজমে ভুগছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, “অটিস্টিক শিশুরাও পারে সমাজকে বদলে দেওয়ার কাজে অবদান রাখতে। তাদের শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালাতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউএম/জেকে/১২২০ ঘ.