২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের বিষয়ে আদেশ মঙ্গলবার

একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত ফরিদপুরের আবুল কালাম আজাদকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হবে কি না- মঙ্গলবার তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত ফরিদপুরের আবুল কালাম আজাদকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হবে কি না- মঙ্গলবার তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন সোমবার তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে তাকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরার পর বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করে। আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিল বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে গত ২৪ মার্চ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিচারক ওইদিন আদেশ দেন, ২ এপ্রিলের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। আবুল কালামকে গ্রেপ্তারের জন্য নয়টি কারণ তুলে ধরে প্রসিকিউটর হায়দার আলী সোমবার ট্রাইব্যুনালকে বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সহযোগীদের নিয়ে তিনি ফরিদপুর সদর, বোয়লামারী, নগরকান্দা, মধুখালী, কামারখালীসহ বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন। প্রাথমিক তদন্তে এসব অপরাধের প্রমাণ পাওয়া গেছে।” তিনি আদালতকে বলেন, ‘বাচ্চু রাজাকার’ এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার পাঁচটি এনজিও রয়েছে। ওয়াজ-নসিহতের মাধ্যমে মানুষকে বশে আনার ক্ষেত্রে তার রয়েছে ‘সম্মোহনী শক্তি’। তদন্ত চলাকালে ফরিদপুরে যারা আবুল কালামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন- তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও উল্লেখ করেন প্রসিকিউটর। অভিযুক্ত বিদেশে পালিয়ে যেতে পারে উল্লেখ করে হায়দার আলী বলেন, “আমরা খবর পেয়েছি, বাচ্চু রাজাকারের সহযোগীরা ইতোমধ্যে সাক্ষীদের ভয় দেখানো শুরু করেছে। তিনি পালিয়ে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই সুষ্ঠু তদন্ত, সাক্ষীদের সুরক্ষা ও ন্যায় বিচারের স্বার্থে আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।” এ সময় ট্রাইব্যুনাল প্রশ্ন করেন- অভিযুক্তই যে সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছেন; এর কোনো প্রমাণ আছে কি না। এসব বিষয়ে থানায় কোনো জিডি হয়েছে? জবাবে হায়দার আলী বলেন, “কয়েকটি ঘটনায় বাচ্চু রাজাকারের বিরুদ্ধে জিডি হয়েছে। রঞ্জিত দেবনাথ নামে একজন সাক্ষী একটি জিডি করেছেন। তাছাড়া কিছুদিন আগে ওই এলাকায় মলয় চেয়ারম্যান হত্যাকাণ্ডের সঙ্গে আবুল কালামের সহযোগীরা জড়িত বলে প্রমাণ রয়েছে। মলয় এবং তার পরিবার একাত্তরে এই বাচ্চু রাজাকারের হাতে নির্যাতিত।” এই অবস্থায় তাকে গ্রেপ্তার না করা হলে তদন্ত ব্যাহত হবে এবং তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে যুক্তি দেন হায়দার আলী। আগামী ২/৩ মাসের মধ্যে আবুল কালাম আজাদের অপরাধের পুরো প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদও যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তার বিচার চলছে প্রধম ট্রাইব্যুনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৫০৭ ঘ.