ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আগামী ৫ মে ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী রোববার সাংবাদিকদের জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ্বশত জন্মবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনের অনুষ্ঠানে থাকবেন প্রণব মুখার্জি।
তবে সফরকালে দ্বিপাক্ষিক সব বিষয়ে ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
২০১০ সালের অগাস্টের পর এটাই প্রণব মুখার্জির প্রথম ঢাকা সফর। এর মধ্যে গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করলেও তাতে সফরসঙ্গী ছিলেন না তিনি।
প্রণবের ঢাকা সফরের পর ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার (ট্রানজিট) করে ভারত পশ্চিমাংশ থেকে অনেক কম পরিবহন ব্যয়ে পণ্য আনা-নেওয়া করতে পারবে।
পশ্চিমবঙ্গের বাঙালি প্রণবের সফরে এই বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
ভারতের লোকসভার নেতার দায়িত্ব পালন করে আসা প্রণব মাঝে প্রায় দুই বছর বাংলাদেশে না এলেও গত ২২ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচলে নতুন ‘কার পাস’ ব্যবস্থা উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৩০৬ ঘ.
bdnews24