২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক কর্মসূচি দেবে চার দল

বিদ্যুতের দাম বৃদ্ধিসহ ‘জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী সরকারি সিদ্ধান্তের’ প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি দেবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধিসহ ‘জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী সরকারি সিদ্ধান্তের’ প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি দেবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চার দলের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, “দ্রব্যমূল্যসহ গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। জোট নেত্রীকে কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।” কী ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, “কঠোর কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কর্মসূচির চিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষার কথাও বিবেচনায় রাখতে হচ্ছে।” রাত ৯টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ জোট সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৩১ মার্চের সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হরতালের মতো কর্মসূচি থাকছে কি-না, এ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান তিনি। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য হামিদুর রহমান আজাদ, নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, মহানগর সভাপতি আবুল কাশেম, খেলাফত মজলিশের নায়েবে আমীর সৈয়দ মুজিবুর রহমান, মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। চার দলের সর্বশেষ বৈঠক হয় গত ২৬ মার্চ। ওই বৈঠকে ২৯ মার্চের হরতাল প্রত্যাহার করে ৩১ মার্চ ঢাকায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩০৪ ঘ.