ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- ১৭ এপ্রিল তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই দিন ঠিক করে দেয়।
গোলাম আজমকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তার আইনজীবীদের আবেদনের শুনানিও শেষ হয় এদিন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন।
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন বিভাগ।
সাবেক এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও ছিল তার।
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি আবার বাংলাদেশে আসেন।
কামারুজ্জামানের মামলায় শুনানি মুলতবি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার এ মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার পক্ষে যুক্তি দেওয়ার কথা ছিল তার আইনজীবীদের। কিন্তু তার আইনজীবী আনভীর আহমেদ আল আমীন আদালতে দাঁড়িয়ে প্রস্তুতি না থাকার কথা জানিয়ে শুনানি মুলতবি করার আবেদন জানান।
এ পর্যায়ে বিচারক যুক্তি উপস্থাপনের জন্য আসামি পক্ষকে নতুন তারিখ দেন।
কামারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গত ৩১ জানুয়ারি আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২১ জুলাই জামায়াত নেতার ‘যুদ্ধাপরাধ’ তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৭২১ ঘ.
bdnews24