চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত করার বিষয়টি নিশ্চিতে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার চট্টগ্রাম দিনব্যাপী কর্মসূচিতে সার্কিট হাউসে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
নগরীর পলোগ্রাউন্ডে মহাসমাবেশের আগে এই বৈঠক হয়। চট্টগ্রামের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন নিয়ে বৈঠকটি করেন প্রধানমন্ত্রী।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল ইসলাম খান ও ডিসি ফয়েজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন জোরদার করতে সরকারি কর্মকর্তাদের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা প্রমাণ করেছি যে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।”
চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বন্দর নগরীর সব উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগ আকৃষ্ট করা ও উৎপাদন বাড়ানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের তাদের সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ধারণা প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “দুর্ভাগ্য হলো দেশ দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি। তবে আমরা প্রমাণ করেছি, আমরা যদি আন্তরিকতার সঙ্গে কাজ করি তাহলে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব।”
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মালিকানা নিয়ে বাংলাদেশের বিজয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ আবার নির্বাচিত হলে ভারতের সঙ্গে বিরোধ মীমাংসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এসইউএম/এমআই/২১১০ ঘ.
bdnews24