২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ সাক্ষীর বক্তব্যই সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ৪৬ সাক্ষীকে হাজির না করে তদন্ত কর্মকর্তার কাছে তাদের দেওয়া বক্তব্যই সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ৪৬ সাক্ষীকে হাজির না করে তদন্ত কর্মকর্তার কাছে তাদের দেওয়া বক্তব্যই সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা। মঙ্গলবার প্রসিকিউশন বিভাগের করা এই আবেদন আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রহণ করলে এই ৪৬ সাক্ষীকে জেরা করার সুযোগ পাবেন না সাঈদীর আইনজীবীরা। আবেদনের পক্ষে যুক্তি দেখিয়ে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, এই সব সাক্ষীদের পাওয়া যাচ্ছে না। পুলিশও তাদের সন্ধান দিতে পারছে না। নির্ধারিত দিনে জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে কয়েকজন সাক্ষী হাজির করতে না পারায় শুনানি এগিয়ে নেওয়ার পরবর্তী পরিকল্পনা দিতে ট্রাইব্যুনালের নির্দেশের পর প্রসিকিউশন বিভাগ এই আবেদন জানাল। প্রসিকিউশনের আবেদনের বিষয়ে বুধবার আসামি পক্ষের বক্তব্য শুনবে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে দুই বছর আগে ট্রাইব্যুনাল গঠনের পর জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচারই প্রথম শুরু হয়েছে। তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী ২০ ধরনের অভিযোগ আনা হয়েছে। সাঈদীর বিচার শুরুর পর এই পর্যন্ত ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। অন্য সাক্ষীদের বা দিয়ে প্রসিকিউশন বিভাগ ১০ দিন আগে ২৮তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার আবেদন আবেদন জানালে আদালত পরবর্তী পরিকল্পনা দাখিলের নির্দেশ দেয়। নিয়ম অনুযায়ী, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া ও জেরা হয় মামলার সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে। তাই তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালুদ্দিন খানের সাক্ষ্যগ্রহণের উদ্যোগের ঘোর বিরোধিতা করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের একটি ধারায় রয়েছে- সাক্ষীর অনুপস্থিতি সঙ্গত মনে করলে হাকিম বা তদন্ত কর্মকর্তার কাছে কোনো ব্যক্তির দেওয়া বক্তব্য সাক্ষ্যপ্রমাণ হিসেবে নিতে পারে ট্রাইব্যুনাল। ওই আইনের আওতায় সাঈদীর বিরুদ্ধে ১৯ জন সাক্ষীসহ ৪৬ জনের বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ। কয়েকজন সাক্ষী অসুস্থ এবং কয়েকজন নিরুদ্দেশ জানিয়ে প্রসিকিউটর হায়দার আলী বলেন, “কয়েকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্থানীয় (পিরোজপুর) পুলিশও তাদের সন্ধান জানাতে পারছেন না। পুলিশ বলছে, তারা হয়ত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।” কয়েকজন সাক্ষী জীবিত, না মৃত- তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে প্রসিকিউটর জানান। পিরোজপুরে সাঈদীর এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন হায়দার আলী। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। সাক্ষীদের হাজির না করে তাদের বক্তব্য গ্রহণে প্রসিকিউশনের এই আবেদনকে অপ্রত্যাশিত উল্লেখ করে জামায়াত নেতার কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, তারা এই বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। এর বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য এক দিন সময় চাইলে ট্রাইব্যুনাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮৩০ ঘ.