২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের করা আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের করা আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের প্রক্রিয়ার মধ্যে রোববার তার পক্ষে অব্যাহতির আবেদন তুলে ধরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি ট্রাইব্যুনালে প্রায় সব জামায়াত নেতার প্রতিনিধিত্ব করছেন। জামায়াত নেতা রাজ্জাক শুরুতেই গোলাম আযমকে বাড়ি থেকে খাবার সরবরাহের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশে পরিবর্তনের আবেদন করেন। এরপর বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অভিযোগ থেকে গোলাম আযমকে অব্যাহতির আবেদনের শুনানি করেন রাজ্জাক। ট্রাইব্যুনালের বিচারক হিসেবে রোববারই প্রথম কাজে অংশ নেন বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক। এই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান হওয়ায় বৃহস্পতিবার তার স্থলাভিষিক্ত হন আনোয়ারুল হক। ব্যারিস্টার রাজ্জাক বলেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকে গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। “জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগের সঙ্গে (বর্তমানে) থাকত, তবে এই অভিযোগ আনা হত না,” বলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে জামায়াতের অবস্থান গুরুত্বপূর্ণ দাবি করে দলটির নেতা রাজ্জাক বলেন, এই কারণেই গোলাম আযমের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে। ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমিরের অভিযোগ অব্যাহতির আবেদনে রাজ্জাকের পাশাপাশি শুনানিতে অংশ নেন তানভীর আহমেদ আল আমীনও। আটক গোলাম আযমকে রোববার সকালে কারাগার থেকে পুরনো হাই কোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নেওয়া হয়। তবে দুপুরে বিতরতির সময় পুনরায় কারাগারে ফেরত যান তিনি। এর পর শুনানিতে তিনি ছিলেন না। গোলাম আযমের বিষয়ে শুনানির কারণে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ মার্চ নতুন তারিখ ঠিক করা হয়েছে। এছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা এগিয়ে নেওয়ার বিষয়ে প্রসিকিউশন বিভাগের একটি আবেদন রয়েছে, যার শুনানি হবে আগামী মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনএ/এমআই/১৬৪৫ ঘ.