২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু

আবুল কালাম আজাদের গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে কাজ শুরু করেছে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যিনি একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবুল কালাম আজাদের গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে কাজ শুরু করেছে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যিনি একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিত ছিলেন। গঠনের পর প্রথম কার্যদিবসেই রোববার কাজ শুরু করেছে নতুন ট্রাইব্যুনাল। এর নেতৃত্বে রয়েছেন প্রথম ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর। যুদ্ধাপরাধের বিচারে গতি আনতে গত বৃহস্পতিবার তিন সদস্যের নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়। এরপর দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে প্রসিকিউশন বিভাগের আবেদনে সাড়া না দিয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে তার বিষয়ে তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশন বিভাগকে বলেছে ট্রাইব্যুনাল। আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিল বলে অভিযোগ রয়েছে। জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মুজাহিদও যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তার বিচার চলছে প্রধম ট্রাইব্যুনালে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর গত বৃহস্পতিবার দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করে সরকার। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনের সময় প্রসিকিউটর ও তদন্ত সংস্থাও নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় ট্রাইব্যুনালে কাজ করছেন আগের প্রসিকিউটররাই। নতুন ট্রাইব্যুনালের জন্য আলাদা আইনজীবী প্যানেল নিয়োগ দেওয়া হবে না বলে আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার সাংবাদিকদের জানিয়েছেন। তবে আইনমন্ত্রী একইসঙ্গে জানান, প্রসিকিউটরের সংখ্যা বাড়ানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮২২ ঘ.