বরিশাল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের প্রতিপক্ষ গ্র“পের হামলায় সংগঠনটির সরকারি বরিশাল কলেজ শাখা আহবায়ক রাফসান আহম্মেদ জিতু নিহত হয়েছেন।
কলেজের সামনে শনিবার সন্ধ্যায় জিতুকে (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন বন্ধুসহ জিতু বরিশাল কলেজের প্রথম গেট (কালীবাড়ি রোড) পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় একটি মাইক্রোবাস ও ৭/৮টি মোটরসাইকেলযোগে ছাত্রদলের প্রতিপক্ষ গ্র“পের সমর্থকরা জিতুকে কুপিয়ে আহত করে।
তাকে প্রথমে সদর হাসপাতাল এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিতুর ভাই টিপু দু’তিনজনের নাম জানিয়েছে। তাদের ধরার জন্য পুলিশের দল কাজ করছে।
জিতুর লাশ মর্গে রাখা হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হত্যার কারণ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।
তিনি বলেন, “খবর পেয়ে হাসপাতালে এসেছি। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা না জেনে বলা যাচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩০০ ঘ.
bdnews24