ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও চারদলীয় জোটের এক শরিক দলের নেতার মন্তব্যের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমাকে নিয়ে মন্তব্য করার সময় তারা ভুলে যায় যে আমি পররাষ্ট্রমন্ত্রী। আমাকে নিয়ে যে কোনো মন্তব্যের প্রভাব থাকে দ্বিপক্ষীয় সম্পর্কে।”
চিফ হুইপ ও এর এক জোট শরিক দলের নেতা হীন মানসিকতা থেকে মন্তব্য করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
স¤প্রতি এই দুই বিরোধী নেতা সংসদে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপক সমালোচনা করেন। তারা দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের ভিসা পাননি এবং সে দেশে কর্মরত সব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা বলেছেন, সৌদি আরব থেকে সব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে। তাদের কথামতো কাজ হলে তাতে আওয়ামী লীগ সরকার বিপদে পড়বে।
“কিন্তু অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়বে তা তারা কখনো চিন্তা করেনি।”
ঢাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা গুলিতে নিহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয় নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
সৌদি তদন্ত দলের ঢাকা আসা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে একটি দল পাঠাতে বলা হয়েছে এবং তারা বলেছে, তারা একটি দল পাঠাবে।”
অবশ্য সৌদি তদন্ত দলটি কখন আসতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মন্ত্রী।
আগের যে কোনো সময়ের চেয়ে এখন সৌদি-বাংলাদেশ সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি।
ঢাকায় সৌদি আরব দূতাবাসের কনস্যুলার শাখার কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গত ৬ মার্চ রাজধানীর গুলশানের বাসভাবনের কাছে গুলিবিদ্ধ হন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১০৯ ঘ.
bdnews24