২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল নীতিতে বিদ্যুৎ চলছে: ফখরুল

কলকারখানা ১২ ঘণ্টায় বিদ্যুৎ ব্যবহার না করতে সরকারের আহ্বান দেশকে কার্যত ভারতীয় পণ্যের বাজারে পরিণত করার জন্য বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ঠিক নয়। বিদ্যুৎ সঙ্কটের কারণে শিল্পকারখানা রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখতে সরকারের আহ্বান কার্যত দেশকে ভারতীয় পণ্যের বাজারে পরিণত করার জন্য বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে ফখরুল বলেন, গ্রীষ্ম মৌসুম শুরুর আগে বিদ্যুৎ কত বার যাচ্ছে, তার কোনো হিসাব নেই। এখন সরকার সিএনজি স্টেশন ৬ ঘণ্টা ও কল-কারখানা ১২ ঘণ্টা ‘বন্ধ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। “এর উদ্দেশ্য একটাই- দেশের শিল্পকারখানা বন্ধ করে দিয়ে প্রতিবেশী দেশের বাজারের ক্ষেত্র তৈরি করা,” বলেন তিনি। বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ২ মাস সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সেচ মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ওই সমাবেশে ফখরুল বলেন, “তিন বছরের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে না পারার জন্য সরকারের ভুল নীতি ও দুর্নীতিই দায়ী।” কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে প্রতি বছর ২০ হাজার কোটি টাকা ভর্তুকির অর্থ সরকারের লোকজন লুটপাট করছে বলে অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, ‘‘বিনা টেন্ডারে এসব প্রকল্প স্থাপন করেও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেনি সরকার। রাষ্ট্রের অর্থ লুট করার জন্য এসব প্রকল্প তারা করেছে।” আইএসআইয়ের অর্থ ১৯৯১ সালের নির্বাচনের সময় বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছে- প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের এই অভিযোগকে মিথ্যাচার ও বানোয়াট বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, “১২ মার্চের মহাসমাবেশ সফল হওয়ায় সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা আইএসআইয়ের কাছ থেকে টাকার নেওয়ার মিথ্যা অপপ্রচার শুরু করেছে। নিজস্ব সিন্ডিকেট দিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।‘’ রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার নানা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে দাবি করেন তিনি। ফখরুল বলেন, “পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওইসব সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন। তাই প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা গত কয়েকদিন যেভাবে অপপ্রচার চালিয়েছেন তার জন্য তাদের জনগণের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইতে হবে।” আগামী ২৯ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে দলীয় কর্মীদের আসতে বাধা, হামলা ও গণগ্রেপ্তারের অভিযোগ এনে তার প্রতিবাদে ওই সমাবেশ থেকেই হরতালের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিচার শুরুর প্রতিবাদে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতা আলী রেজা রিপন, ইয়াসীন আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/২৩০০ ঘ.