২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ লাখ শহীদ অবান্তর, অলি আহমদের দাবি

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার স্বীকৃত এই তথ্যটিকে অবান্তর বলে দাবি করলেন এলডিপি সভাপতি অলি আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 04:00 PM

Updated : 25 Apr 2022, 09:10 PM

তার দাবি, সরাসরি যুদ্ধে অংশ নিয়ে যারা মারা গেছেন, শুধু তারাই শহীদ। আর অস্ত্র হাতে নেওয়ার মুক্তিযোদ্ধার সংখ্যাটিও বড়জোর ৩০ হাজার।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অলি আহমদ মুক্তিযুদ্ধের তথ্যগুলো নিয়ে এই ধরনের কথা বললে শ্রোতাদের মধ্যে গুঞ্জন ওঠে। তখন আয়োজক ন্যাপ (ভাসানী) নেতারা পরিস্থিতি সামাল দেন।

অলি আহমদ বলেন, “মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে যারা মারা গেছেন, তারাই প্রকৃত শহীদ। আর সরাসরি অংশগ্রহণ করেছে খুব বেশি হলে ৩০ হাজার।”

মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা অলি বলেন, “স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মোট সৈন্য সংখ্যা ছিল ৮ হাজার। এর বাইরে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০ হাজারের বেশি হবে না।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরের অধীনে সৈন্য সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার, সেই সঙ্গে গেরিলা যোদ্ধা ছিল ১ লাখ ৪৫ হাজার।

এর বাইরে মুজিব বাহিনী, ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী, কাদেরিয়া বাহিনীসহ কয়েকটি দলও যুদ্ধে সক্রিয় ছিল।

মহাজোট ছেড়ে বিএনপির জোটভুক্ত হওয়ার এলডিপির প্রধান অলি গত ১৮ নভেম্বর তার নির্বাচনী এলাকা চন্দনাইশে নারী সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য দিয়ে সমালোচিত হন।

ওই বক্তব্যের পর মানহানির মামলাও হয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে। সেই মামলায় চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে গিয়ে লাঞ্ছিতও হয়েছেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে ন্যাপ আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা : মওলানা ভাসানী ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অলি।

ন্যাপ (ভাসানী) সভাপতি জেবেল রহামন গানির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নীলু, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।