২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৃষি রক্ষায় বাঁচাতে হবে ক্ষেতমজুরদের’

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ক্ষেতমজুর সমিতির অষ্টম জাতীয় সম্মেলন বৃহস্পতিবার উদ্বোধন হয়। এবারই প্রথম ঢাকার বাইরে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

রংপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলনে বক্তারা বলেছেন, তা না হলে দেশের কৃষিব্যবস্থা রক্ষা করা যাবে না। বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ক্ষেতমজুর সমিতির অষ্টম জাতীয় সম্মেলন উদ্বোধন হয়। এবারই প্রথম ঢাকার বাইরে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। উদ্বোধন করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ বলেন, “কৃষির মূল চালিকাশক্তি ক্ষেতমজুরদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষেতমজুরদের বাঁচাতে না পারলে ধ্বংসের হাত থেকে কৃষি ব্যবস্থা বাঁচানো যাবে না। কৃষি ব্যবস্থাকে বাঁচাতে না পারলে দেশ বাঁচানো যাবে না।” দেশে ক্ষেতমজুর আন্দোলনের সূচনা পর্বের অন্যতম প্রধান সংগঠক সেলিম গ্রামের ক্ষেতমজুরদের সঙ্গে শহরের শ্রমিকদের আন্দোলনের সেতু গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “শহরের শ্রমিক আর গ্রামের ক্ষেতমজুরদের সংগঠিত হয়ে বর্তমান শোষণমূলক ব্যবস্থার উচ্ছেদ করে শ্রেণীহীন-শোষণহীন, মানবিক সমাজ গড়ে তুলতে হবে।” “দেশে সংখ্যাগরিষ্ঠ ক্ষেতমজুররাই সবচেয়ে অবহেলিত, শোষিত ও বঞ্চিত। সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া সার্বিক সঙ্কট থেকে মুক্তি সম্ভবপর নয়,” বলেন সিপিবি সাধারণ সম্পাদক। ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ইউনিয়নের যুগ্ম সম্পাদক সুনীত চোপড়া, পাকিস্তানের কৃষাণ আন্দোলনের নেতা পীরজাদা আহমদ বক্স, সিপিবি নেতা শাহাদাৎ হোসেন, ক্ষেতমজুর সমিতির নেতা সোহেল আহম্মদ, আনোয়ার হোসেন রেজা, ছৈয়দ আহমদ, আসলাম উদ্দিন, রেবেকা সরেন, কৃষক সমিতির নেতা সাজ্জাদ জহির চন্দন প্রমুখ। সম্মেলন থেকে ক্ষেতমজুরদের জন্য সারা বছর কাজ, পল্ল¬ীতে রেশন চালু, এনজিওঋণ থেকে গরিব মানুষের মুক্তি, ক্ষেতমজুরদের ট্রেড ইউনিয়ন অধিকার, নারী-পুরুষ ক্ষেতমজুরের সমান মজুরির দাবি জানানো হয়। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সারাদেশ থেকে ক্ষেতমজুর সমিতির নেতা ও কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কয়েক হাজার ক্ষেতমজুরের একটি শোভাযাত্রা বের হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানান, কাউন্সিল শেষে শুক্রবার ক্ষেতমজুর সমিতির নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২০ ঘ.