প্রদীপ চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ‘ত্বরান্বিত’ করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের বিচারক এ টি এম ফজলে কবীর।
তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন বিচারপতি ওবায়দুল হাসান এবং প্রথম ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহীনুর ইসলাম।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুমোদনের পর নতুন ট্রাইব্যুনালের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
বিচারপতি ফজলে কবীরের স্থলে প্রথম ট্রাইব্যুনালে সদস্য করা হয়েছে বিচারপতি আনোয়ারুল হককে।
বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের অন্য বিচারক হলেন এ কে এম জহির আহমেদ।
প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের খবরটি বুধবার সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছিল।
নতুন ট্রাইব্যুনাল আগামী ২৫ মার্চ থেকে নতুন ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলেও জানায় এই সূত্র।
যুদ্ধাপরাধের বিচারে ‘শ্লথগতি’ নিয়ে সরকারি দলের অনেক নেতার হতাশার মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।
আরেকটি ট্রাইব্যুনাল গঠনের কথা আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন। পুরনো হাই কোর্ট ভবনে দ্বিতীয় ট্রাইব্যুনালের অবকাঠামো স্থাপনের কাজও ইতোমধ্যে শেষ করেছে আইন মন্ত্রণালয়।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ছিল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হলেও এই সংক্রান্ত আইন প্রণয়নের পর ট্রাইব্যুনাল গঠন করা হয় প্রায় এক বছর পর।
২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে সদস্য করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (প্রথম ট্রাইব্যুনাল)।
একই দিন ঘোষণা করা হয় ৭ সদস্যের তদন্তকারী প্যানেল এবং ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচারের প্রক্রিয়া প্রথম ট্রাইব্যুনালে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৩০ ঘ
bdnews24