২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা আনি পুরস্কার, তিনি আনেন তিরস্কার’

বরিশালে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সমালোচনার পাশাপাশি দক্ষিণাঞ্চলসহ দেশের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন। বরিশালের প্রত্যেকটি নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণাও দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকলেও বিএনপির সময় তার উল্টোটি হয়। বুধবার বরিশালে ১৪ দলের জনসভায় বিরোধী দলের সমালোচনার পাশাপাশি দক্ষিণাঞ্চলসহ দেশের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন। বরিশালের প্রত্যেকটি নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণাও দেন তিনি। বঙ্গবন্ধু উদ্যানে বিকালের ওই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের জন্য কাজ করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসে, আর খালেদা জিয়া এলেই নিয়ে আসেন তিরস্কার।” বিএনপি সংসদে ফিরলেও তাদের এই পদক্ষেপ জনগণের পক্ষে কথা বলতে নয় বলে দাবি করেন আওয়ামী লীগ সভানেত্রী। “বিএনপি জনগণের জন্য নয়, নিজেদের বেতন-ভাতা রক্ষা করতে সংসদে এসেছে,” বলেন তিনি। মহাজোট সরকার মানুষের আয় বাড়ানোর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সবাইকে শান্তিতে রেখেছে বলে দাবি করেন শেখ হাসিনা। “দুর্নীতি ও লুটপাট করতে না পেরে তাদের (বিরোধী দল) গা-জ্বালা শুরু হয়েছে। তারা জনগণের ভাগ্য উন্নয়য়নের জন্য সংসদে না এসে রাস্তায় রাস্তায় গালাগাল করছে,” বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেন তিনি। ২০০১ সালে নির্বাচনের পর বরিশাল বিভাগে সংখ্যালঘু ও বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তখন ২৫ হাজার নারী-শিশু ও পুরুষ পালিয়ে পাশের গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়ায় আশ্রয় নিয়েছিল। নির্যাতিতদের পাশে দাঁড়ানোর কারণে ২০০৪ সালের ২ এপ্রিল গৌরনদীতে অর্ধশত নেতাকর্মীসহ নিজেও হামলার শিকার হয়েছিলেন বলে জানান তিনি। নির্যাতিতদের কথা বলতে গিয়ে তাওহীদ সৌরভ, সাইদ মেমন, শওকত মিল্টনসহ ১৬ সাংবাদিকের কথা বক্তব্যে তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, “চারদলীয় জোট সরকারের সময় বরিশালের মানুষের আড়াই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে। বর্তমান আড়াইশ একর খাস জমি দখলে রেখেছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপি ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল অবহেলিত থাকে। আওয়ামী লীগ এলে উন্নয়ন হয়।” সাক্ষরতার হার বাড়াতে সরকারের তৎপরতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়া তার দুই সন্তানকে মানুষ করতে পারেননি। একজনকে মানিলন্ডার, আরেকজনকে দুর্নীতিবাজ হিসেবে তৈরি করেছেন। তিনি কীভাবে দেশের সাক্ষরতার হার বাড়াবেন? এককালের শস্যভাণ্ডার বরিশালকে আবারো শস্যভাণ্ডারে পরিণত করার আশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বরিশালের প্রত্যেকটি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আবদুল্লাহ, ইউসুফ হোসেন হুমায়ুন, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। জনসভার আগে প্রধানমন্ত্রী নবনির্মিত বরিশাল আধুনিক নৌ-বন্দর উদ্বোধন করেন। এছাড়া দেশের তৃতীয় মেরিন একাডেমি, পানি শোধনাগার এবং বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিত্তিস্থাপন করেন তিনি। এছাড়া বরিশাল আওয়ামী লীগের নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৪৫ ঘ.