ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আসামির আইনজীবীদের যুক্তি শোনার জন্য ২৭ মার্চ দিন রেখেছে আদালত।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই দিন ঠিক করে দেন।
সকালে আদালতের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর হায়দার আলী ১৫টি অভিযোগে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন।
এরপর ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম মুলতবি করে জানানো হয়, অভিযোগ গঠনের বিষয়ে ২৭ মার্চ আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনবে আদালত।
প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমীরের বিরুদ্ধে। গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয় নিজামীকে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে ‘ভুল বোঝাবুঝির’ কারণে প্রসিকিউশন এদিন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির না করায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও মুলতবি করা হয়েছে।
তার মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৮ মার্চ দিন রেখেছে ট্রাইব্যুনাল
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24